
৫ হাজার কোটির জ্বালানি বকেয়া এয়ার ইন্ডিয়ার, দাবি তেল সংস্থাগুলির
রূপসী বাংলা কলকাতা ডেস্ক: জ্বালানি বকেয়া কাণ্ডে এবার নাম জড়াল ভারতের অন্যতম নামি বিমান সংস্থা এয়ার ইন্ডিয়ার। তৈল সংস্থাগুলির দাবি ৫ হাজার কোটি টাকার জ্বালানি বকেয়া রয়েছে এই বিমান সংস্থার। জানা গিয়েছে ২৩০ দিনেও নাকি ওই পরিমাণ অর্থ পরিশোধ করতে পারেনি তাঁরা। প্রায় ৮ মাস ধরে ৩ টি সরকারি তৈল সংস্থার থেকে ৫ হাজার কোটি টাকার জ্বালানি বকেয়া রেখে আসছে সংস্থাটি। এরপরেই চাপ নেমে আসতে শুরু করে তৈল সংস্থাগুলির থেকে। শুক্রবার ইন্ডিয়ান অয়েল কর্প(আইওসি)-এর দেওয়া এক বিবৃতি থেকে জানা গিয়েছে এমনটাই।
যে কারণেই বৃহস্পতিবার বিকেল থেকে আইওসি, ভারত পেট্রোলিয়াম কর্প লিমিটেড (বিপিসিএল) এবং হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্প লিমিটেড(এইচপিসিএল) নামক সংস্থাগুলি ভারতের ৬ টি বিমান বন্দরে এই সংস্থাকে জ্বালানি হিসেবে জেট ফুয়েল বা এটিএফ সরবরাহ করা বন্ধ করে দিয়েছে। এই বিমান বন্দরগুলির মধ্যে রয়েছে- কোচি, পুনে, পাটনা, রাঁচি, ভাইজ্যাগ, মোহালি।
সম্প্রতি ইন্ডিয়ান অয়েল কর্প(আইওসি)- বিবৃতি দিয়েছে, “এই তিন তৈল বিপণন সংস্থার সিদ্ধান্ত অনুযায়ী ৫০০০ কোটি টাকা মূল্যের অর্থ বকেয়া রাখায় এয়ার ইন্ডিয়াকে কোচি, মোহালি, পুনে, রাঁচি, পাটনা এবং বিশাখাপত্তনমের মত বিমান বন্দরগুলিতে জ্বালানি সরবরাহ বন্ধ করে দেওয়া হবে।”
আইওসি আরও জানিয়েছে, এয়ার ইন্ডিয়াকে ৯০ দিনের ক্রেডিট পিরিয়ড দেওয়া হয়েছিল। যার অর্থ এই সময়কালের মধ্যে এয়ার ইন্ডিয়াকে বকেয়া অর্থ পরিশোধ করতে হবে। কিন্তু এই সময় দেওয়া স্বত্তেও বিমান সংস্থাটি অর্থ পরিশোধ করে নি।
তবে জানা গিয়েছে ৩ মাসের নোটিস পিরিয়ড পেরিয়ে গিয়েও অর্থ পরিশোধ না করতে পারলেও গত ১৪ অগাস্ট এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষকে চিঠি দিয়েছিল তৈল বিপণন সংস্থাগুলি। তাতে জানানো হয়েছিল ২২ অগাস্ট থেকে ৬ টি বিমান বন্দরে জ্বালানি সরবরাহ করা বন্ধ করে দেওয়া হবে।



