
সৌদিতে ছেলেদের স্কুলে নারী শিক্ষক
রূপসী বাংলা আন্তর্জাতিক ডেস্ক: আগেই শিথিল করা হয়েছে নারীদের জন্য বিভিন্ন নিষেধাজ্ঞা। এবার তার সঙ্গে যুক্ত হচ্ছে সৌদি নারীরা দেশটির বালক সরকারি বিদ্যালয়েও শিক্ষিকা হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন। সম্প্রতি নারী জাগরণ ও নারী উন্নয়নের লক্ষ্য নিয়ে গাড়ি চালানো, ভ্রমণ, স্টেডিয়াম এবং সিনেমা হলে প্রবেশ নিষেধাজ্ঞা আইনটি শিথিল করা হয়েছে।
বিগত বছরগুলোতেও সৌদির অনেক বেসরকারি বিদ্যালয়ের প্রাথমিকে নারী শিক্ষকরা শিশুদের পাঠদান করাচ্ছেন। তবে কোনো সরকারি বিদ্যালয়ে নারী শিক্ষক দিয়ে ছেলেদের ক্লাস নেয়ানো হতো না। সেক্ষেত্রে সৌদি নারীদের জন্য নতুন কিছুর অভিষেক ঘটতে যাচ্ছে। এখন থেকে সরকারি বিদ্যালয়ের ছেলেদেরও ক্লাস নিতে পারবেন নারী শিক্ষকরা।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়, নতুন এই প্রকল্পের আওতায় দেশের ১৪৬০টি রাষ্ট্র পরিচালিত স্কুলে এখন থেকে ছেলেদের ক্লাস নেবেন নারী শিক্ষকরা। নারীরা পুরুষ শিক্ষকদের তুলনায় শিশুদের ভালো নিয়ন্ত্রণ করতে পারেন বলেই এমন প্রকল্প হাতে নেয়া হয়েছে বলে জানিয়েছেন সৌদি শিক্ষা বোর্ডের সহকারী সাধারণ পরিচালক সুয়াদ আল মানসুর।
তিনি আরো বলেন, এই প্রকল্পের প্রধান লক্ষ্য শিক্ষা ব্যবস্থায় দক্ষতা বৃদ্ধি এবং শিক্ষাক্ষেত্রে প্রতিটি শিশুর সমান অধিকার নিশ্চিত করা। আর এ কাজে নারী শিক্ষকের ভূমিকা অগ্রগণ্য। একজন মানুষের ব্যক্তিত্ব গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হলো তার শিশুকাল। শিশু বয়সেই মানবিকতা, নৈতিকতা শেখে মানুষ। আর পুরুষদের তুলনায় নারী শিক্ষকরা শিশুদের প্রতি অনেক বেশি বন্ধুত্বপূর্ণ আচরণ করেন এবং ভয়-ভীতি কম দেখান। যা শিশুদের বিকাশের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।



