
প্রোটিয়াদের বিরুদ্ধে দাপুটে জয় ভারতের
রূপসী বাংলা স্পোর্টস ডেস্ক: প্রকৃতির প্রতিবন্ধকতায় একটু দেরি হলেও দক্ষিণ আফ্রিকা-এ দলের বিরুদ্ধে চার দিনের প্রথম বেসরকারি টেস্টে কাঙ্খিত জয় তুলে নিল ভারতীয় এ দল৷ গ্রিনফিল্ড ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে প্রোটিয়াদের ৭ উইকেটে পরাজিত করল শুভমন গিলরা৷
জয়ের জন্য ভারতের সামনে লক্ষ্যমাত্রা ছিল মাত্র ৪৮ রানের৷ ৯.৪ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ৪৯ রান তুলে ম্যাচ জিতে যায় ভারত এবং দু’ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যায়৷
টস হেরে প্রথমে ব্যাট করে দক্ষিণ আফ্রিকা তাদের প্রথম ইনিংসে অল-আউট হয়ে যায় মাত্র ১৬৪ রানে৷ মার্কো জানসেন দলের হয়ে সর্বোচ্চ ৪৫ রান করেন৷ শার্দুল ঠাকুর ও কৃষ্ণাপ্পা গৌতম ৩টি করে উইকেট নেন৷ ২টি উইকেট দখল করেন শাহবাজ নদিম৷
জবাবে ব্যাট করতে নেমে ভারত তাদের প্রথম ইনিংস শেষ করে ৩০৩ রান তুলে৷ অধিনায়ক শুভমন গিল ৯০ রান করে আউট হন৷ জলজ সাক্সেনা ৬১ রানে অপরাজিত থাকেন৷ লুঙ্গি এনগিদি ও ডেন পিয়েডট ৩টি করে উইকেট দখল করেন৷ অর্থাৎ প্রথম ইনিংসের নিরিখে দক্ষিণ আফ্রিকার থেকে ১৩৯ রানের বড়সড় লিড নিয়ে নেয় ভারত৷



