প্রধান খবরবাংলাদেশ

যারা পাকি প্রেমে হাবুডুবু খাচ্ছে, তারা ডুবেই যাক: প্রধানমন্ত্রী

রূপসী বাংলা ডেস্ক:বাংলাদেশে বসবাস করা পাকিস্তানপ্রেমীদের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘পাকি প্রেমী যারা, তাদের শিক্ষা আমরা দিতে পারবো। আমরা যখন উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি, তখনও যারা পাকি প্রেমে হাবুডুবু খাচ্ছে, তারা ডুবেই যাক, সেটা আমরা চাই।’

রবিবার (২৫ মার্চ) বিকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘২৫ মার্চ গণহত্যা দিবস’ উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের মানুষকে কেউ দাবায়ে রাখতে পারবে না, তা আমরা প্রমাণ করেছি। আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়ে তা দেখিয়ে দিয়েছি।’

প্রায় পৌনে এক ঘণ্টার বক্তব্যে শেখ হাসিনা বলেন, ‘যারা যুদ্ধাপরাধী ও গণহত্যাকারীদের মদদ দিয়েছে, মন্ত্রী-এমপি বানিয়েছে, তারাও তো সমান অপরাধী। অপরাধীদের যারা পুরস্কৃত করেছে, তাদেরও সমানভাবে বিচার হওয়া দরকার বলে আমি মনে করি। এরা বাংলাদেশের স্বাধীনতা চায়নি, বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন চায়নি।’

তিনি আরও বলেন, ‘আমাদের দেশের কোনও নেতা-নেত্রী; খালেদা জিয়া নিজেই সন্দিহান ৩০ লাখ লোক নাকি মরেনি, তাদের নাকি মারেনি। তারা তো নিজেরাই মানুষ খুন করে অভ্যস্ত, তারা তো নিজেরাই মানুষ পুড়িয়ে হত্যা করেছে। তাদের পক্ষে এটা বলাটাই স্বাভাবিক। বাংলাদেশের স্বাধীনতায় আদৌ তারা বিশ্বাস করে কিনা আমার সন্দেহ।’

প্রধানমন্ত্রী বলেন, ‘প্রত্যেক জায়গায় যারা গণহত্যায় শামিল ছিল, তাদের মন্ত্রী, এমপি, উপদেষ্টা–বড় বড় পদ দিয়ে পুরস্কৃত করেছিল জিয়াউর রহমান। জিয়াউর রহমান বানিয়েছিল, খালেদা জিয়াও বানিয়েছিল। তারা আর লোক খুঁজে পায় না। ওই গণহত্যাকারীরাই ছিল তাদের পেয়ারের লোক। কারণ, তাদের পেয়ারে পাকিস্তান।’

শেখ হাসিনা বলেন, ‘জাতির পিতা স্বাধীনতার পর আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠন করে যুদ্ধাপরাধীদের বিচার শুরু করেছিলেন। পাকিস্তানের পাসপোর্টসহ বাংলাদেশ থেকে চলে গিয়েছিল, জিয়াউর রহমান ক্ষমতায় এলে সেই গোলাম আযম বাংলাদেশে ফিরে আসে। পাকিস্তানি পাসপোর্ট হাতেই কিন্তু গোলাম আযম বাংলাদেশে ফিরে আসে। বাংলাদেশের সংবিধান সংশোধন করে ওই যুদ্ধাপরাধী, গণহত্যাকারীদের রাজনীতি করার সুযোগ তৈরি করে দেয় জিয়াউর রহমান।’

প্রধানমন্ত্রী বলেন, ‘ইয়াহিয়া খান গণহত্যার হুকুম দেন, মেজর জেনারেল টিক্কা খানকে পূর্ব বাংলায় গণহত্যার দায়িত্ব দেন। আল বদর,আল শামস, রাজাকার–এসব বাহিনী বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে পথ দেখিয়ে নিয়ে যায় আর গণহত্যা চালায়।’

শেখ হাসিনা বলেন, ‘পিলখানার ওয়্যারলেসের মাধ্যমে জাতির পিতার স্বাধীনতার ঘোষণা সারা বাংলাদেশের মানুষের কাছে পৌঁছে যায়। মানুষ প্রতিরোধ শুরু করে। ২৫ মার্চের গণহত্যার আগে থেকেই কিন্তু পাকিস্তানি সেনারা গণহত্যা করেছে। আন্দোলনের সময়ও তারা হত্যা করেছে।’

২৫ মার্চের নির্মম চিত্র তুলে ধরে তিনি বলেন, ‘আমাদের বাড়ির আশপাশের সব বাড়িঘর পুড়িয়ে দেয়। জাতির পিতা স্বাধীনতার ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের ৩২ নম্বরের বাড়িতে আক্রমণ করে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গ্রেফতার করে নিয়ে যায়। জাকির খান সাহেব এসে আমাকে, রেহানাকে নিয়ে যান।’

প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা যখন বের হই, তখন রাস্তায় রাস্তায় লাশ পড়ে থাকতে আমি নিজে দেখেছি। ধানমন্ডি, মিরপুর রোড থেকে শুরু করে ঢাকা শহরে শুধু লাশ আর লাশ। বস্তিতে আগুন দিয়েছিল, মানুষের চিৎকার আর এদিকে দাউ দাউ করে আগুন। সমস্ত জায়গায় বাড়িতে বাড়িতে ছিল বাংলাদেশের পতাকা, যে বাড়িতে পতাকা দেখেছে সে বাড়িতেই হামলা করেছে।’

তিনি বলেন, ‘২৫ মার্চ থেকে শুরু করে পুরো ৯টা মাস গণহত্যা চালিয়েছে। আত্মসর্ম্পণ করার আগে আমাদের আটক করা হয়। মিত্রবাহিনীর কাছে আত্মসর্ম্পণ করার পর অনেকেই ভেবেছিল আমরা বুঝি মুক্ত হয়ে গেছি।’

শেখ হাসিনা বলেন, ‘মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তানি বাহিনীর গণহত্যা তৎকালীন বিশ্বের সমস্ত মিডিয়ায় এসেছে। অল্প সময়ে এত মানুষ হত্যা, এ রকম গণহত্যা আর কোনও দেশে ঘটেনি। সেই গণহত্যা গিনেজ বুক অব রেকর্ডসেও উঠে এসেছে। এটা ছিল সব থেকে ভয়াবহ, মারাত্মক এবং অধিক সংখ্যার গণহত্যা। পৃথিবীর এমন কোনও পত্রিকা নেই, যেখানে এই গণহত্যার কথা ওঠেনি।’

স্বাধীনতার ঘোষক ও ঘোষণা সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, ‘একতরফাভাবে স্বাধীনতার ঘোষণা দিলে সেটা আন্তর্জাতিক আইনে স্বীকৃতি পায় না। পহেলা মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত জাতির পিতার যে নিয়ন্ত্রণ ছিল, সেটা থেকে ইয়াহিয়া খান বুঝতে পেরেছিলেন এই নিয়ন্ত্রণ আর ফিরে পাবেন না। তারা এটাও চাচ্ছিলেন যে, একটা কিছু ঘটুক যাতে তারা শেখ মুজিবুর রহমানকে বিচ্ছিন্নতাবাদী বলতে পারেন।’

সভায় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম প্রমুখ।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension