
চিকিৎসার জন্য খালেদার মুক্তি দাবি বিএনপির
রূপসী বাংলা ডেস্ক:সরকার বেগম খালেদা জিয়াকে ‘অপসারণের হীন চেষ্টা’ করছে অভিযোগ করে চিকিৎসার জন্য তার মুক্তি দাবি করেছে বিএনপি। তবে এই অপসারণ বলতে কী বুঝাচ্ছেন, সেটি সুনির্দিষ্ট করে বলেনি দলটি।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অভিযোগ, কারাগারে তাদের দলের চেয়ারপারসন অসুস্থ হয়ে পড়েছেন। কিন্তু সরকার তার চিকিৎসার ব্যবস্থা করছে না। তার শারীরিক সমস্যার কথা গোপন করছে; বিএনপিকেও কিছু জানাচ্ছে না।
খালেদা জিয়ার খাবার সঠিকভাবে পরীক্ষা করা হয় কি না তা নিয়েও সন্দেহের কথা জানান বিএনপি মহাসচিব।
শুক্রবার সকালে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ফখরুল।
সরকার খালেদা জিয়াকে ‘অপসারণের হীন অপচেষ্টা’ করছে বলে ফখরুলের বক্তব্যের ব্যাখ্যা জানতে চান সাংবাদিকরা।
জবাবে বিএনপি মহাসচিব বলেন, ‘দেশে দেশে বিরোধী শক্তিকে অপসারণ করতে যে হীন চেষ্টা করা হয়, আমরা সেই আশঙ্কাই করছি।’
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় গত ৮ ফেব্রুয়ারি থেকে কারাগারে খালেদা জিয়া। গত ১২ মার্চ হাইকোর্ট তাকে চার মাসের জামিন দিলেও আপিল বিভাগে দুর্নীতি দমন কমিশন এবং রাষ্ট্রপক্ষের আবেদনে জামিন ঝুলে গেছে।
এর মধ্যে বিএনপি নেত্রীর অসুস্থতার খবর ছড়িয়েছে। গত ২৮ মার্চ জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় খালেদা জিয়াকে আদালতে হাজির করা হয়নি অনিবার্য কারণ দেখিয়ে। সেদিনই খালেদা জিয়ার আইনজীবীরা দাবি করেন, তাদের নেত্রী অসুস্থ।
বৃহস্পতিবার মির্জা ফখরুলের সঙ্গে বিএনপি প্রধান দেখা করেননি অসুস্থতার কারণ দেখিয়ে। আর কারাগারে খালেদা জিয়ার নিয়মিত চিকিৎসক মাহমুদুল হাসান তাকে দেখে এসেছেন।
একটি জাতীয় দৈনিককে মাহমুদুল বলেছেন, সাবেক প্রধানমন্ত্রীর বিশেষ কোনো সমস্যা তিনি দেখেননি। তিনি বলেন, ‘খালেদা জিয়ার বয়স ৭৩ বছর। এই বয়সে তো কিছু সমস্যা থাকেই। এ ছাড়া আগে থেকেই খালেদা জিয়া ব্যাক পেইন, হাঁটুতে ব্যথা ও আর্থাইটিসে ভুগছেন। সেই সমস্যাগুলোর কারণে মাঝেমধ্যেই শরীর খারাপ হতে পারে।’
‘তা ছাড়া হাঁটুতে অপারেশন ছিল আগে থেকেই। কিন্তু যেমন বলা হচ্ছে, তেমন কোনো অসুস্থতা নেই। আমরা সার্বক্ষণিক তাঁর খবর রাখছি। তাঁর সুচিকিৎসা চলছে।’
তবে মির্জা ফখরুল বলেন, ‘খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে আমার উদ্বিগ্ন। অবিলম্বে তাকে মুক্তি দিয়ে সুচিকিৎসা নিশ্চিত করতে হবে। সুনির্দিষ্টভাবে বলেছি, তার নিঃশর্ত মুক্তি চাই। যাতে করে দেশে বা বিদেশে তার প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত হয়। তার জামিন হয়ে গেছে। এখন তাকে মুক্তি দেয়া হোক।’
‘খালেদা জিয়াকে প্যারোলে নয়, আমরা তাঁর নিঃশর্ত মুক্তি চাই। যেন তিনি চিকিৎসার জন্য বিদেশে যেতে পারেন। কারণ আমরা তাঁর স্বাস্থ্য নিয়ে শঙ্কায় আছি। তাঁকে সুচিকিৎসা দেয়া হচ্ছে না। তিনি মুক্তি পেলে আমরাই তাঁর চিকিৎসার ব্যবস্থা করব।’
খালেদা জিয়ার চিকিৎসা কোন দেশে করাতে চান এমন প্রশ্নে বিএনপি মহাসচিব বলেন, ‘আগে তাঁকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। এরপর তিনি ও দল সিদ্ধান্ত নেবে, কোথায় তিনি যাবেন চিকিৎসার জন্য।’
খালেদা জিয়াকে পরীক্ষা-নিরীক্ষার জন্য চিকিৎসক যাচ্ছেন জানিয়ে তার সঙ্গে সাক্ষাৎ বাতিল করার কথাও জানান বিএনপি মহাসচিব। বলেন, ‘দুঃখজনক বিষয় হচ্ছে, খালেদা জিয়ার কী ধরনের অসুস্থতা, তা আমরা জানতে পারিনি। সরকার বা কারা কর্তৃপক্ষ সে বিষয়ে আমাদের কিছুই জানায়নি।’
সংবাদ সম্মেলনে বিএনপির পক্ষ থেকে তিন দফা দাবি জানানো হয় সরকারের প্রতি।
#অবিলম্বে খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্তি দিতে হবে।
# অবিলম্বে ব্যক্তিগত চিকিৎসক দিয়ে বিএনপি চেয়ারপারসনের স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা ব্যবস্থা করতে হবে।
# অবিলম্বে সাবেক প্রধানমন্ত্রীর স্বাস্থ্যের অবস্থা সম্পর্কে সুনির্দিষ্ট সংবাদ জানাতে হবে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ প্রমুখ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।



