
তিন এজেন্ডায় এগোচ্ছে বিএনপি
রূপসী বাংলা ডেস্ক:একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি পুরোপুরিভাবে শুরু করে দিয়েছে জাতীয়তাবাদী দল-বিএনপি। আর এর জন্য মূলত তিনটি এজেন্ডাকে সামনে রেখে কাজ করছে দলটি। এজেন্ডাগুলোর মধ্যে রয়েছে, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি, নির্বাচনের প্রস্তুতি এবং নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে আন্দোলন। বিএনপির একটি নির্ভরযোগ্য সূত্রে এসব তথ্য জানা গেছে।
এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, আগামী নির্বাচনের জন্য আমরা (বিএনপি) প্রস্তুতি নিচ্ছি। এর সাথে সাথে বেগম খালেদা জিয়ার মুক্তি এখন আমাদের এক নাম্বার এজেন্ডা, দ্বিতীয় হলো- নির্বাচনের জন্য প্রস্তুতি এবং তৃতীয়- নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য আন্দোলন সৃষ্টি করা। আর এজন্য দেশের মানুষকে ঐক্যবদ্ধ ও সংঘবদ্ধ করে তাদেরকে নিয়ে রাস্তায় নামা। কারণ যদি আমাদের (বিএনপির) দাবিগুলো সমঝোতার মাধ্যমে আদায় করা সম্ভব না হয় তাহলে রাস্তায় নামা ছাড়া অন্য কোন বিকল্প পথ আমাদের সামনে থাকবে না।
তবে গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পাঁচ বছরের সাজা হওয়ার আগে নির্বাচনের অংশগ্রহণের জন্য ভিন্ন ধরনের এজেন্ডা নিয়ে এগোচ্ছিল দলটি। তাদের দাবি ছিল শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী রেখে দেশে সুষ্ঠু ও অবাধ নির্বাচন সম্ভব নয়। এজন্য দলের পক্ষ থেকে একটি নির্বাচনকালীন সহায়ক সরকারের রূপরেখা (যে সরকারের প্রধান হবেন একটি দল নিরপেক্ষ ব্যক্তি) ঘোষণা করা হবে বলে গণমাধ্যমেকে জানানো হয় এবং নির্বাচনের সময় সেনাবাহিনী মোতায়েন করা এবং বিতর্কিত ইভিএম পদ্ধতি বাতিল করা। এছাড়াও একটি দল নিরপেক্ষ নির্বাচন কমিশনও দাবি ছিল বিএনপির।
সূত্রটি আরো জানায়, বিএনপি তাদের আগের দাবিতে এখনও অটুট রয়েছে। তবে এই দাবির সাথে বেগম জিয়ার মুক্তির ইস্যুটি নতুন করে যোগ হয়েছে। কারণ ওই দাবিগুলো জানিয়েছিলেন বিএনপির প্রধান। তাই সেই দাবিগুলো থেকে দলের পিছু হটার কোন কারণ নেই। কিন্তু নির্বাচন আগে যদি সরকার তাদের (বিএনপি) দাবি মেনে না নেয়, তখন তাদের (বিএনপি) আন্দোলন করতেই হবে।
জানতে চাইলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, আমরা (বিএনপি) নির্বাচনকালীন সহায়ক সরকারের রূপরেখা নিশ্চিয় দেবো। কিন্তু আমাদের এখন দাবি বেগম খালেদা জিয়ার মুক্তি, শেখ হাসিনার পদত্যাগ এবং সংসদ ভেঙ্গে দিয়ে একটি দল নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন।
এদিকে শেষ মূহুর্তেও (নির্বাচনের) যদি খালেদা জিয়া কারাগার থেকে মুক্ত না হন তাহলে বিএনপি নির্বাচনে যাবে কি না তা নিয়ে দলের মধ্যে চলছে নানা আলোচনা। দলের একটি পক্ষ বলছে, বেগম খালেদা জিয়া নির্বাচনের সময় কারারুদ্ধ থাকলেও বিএনপির নির্বাচনে যাওয়া উচিত। আর অপরপক্ষ নির্বাচনে যাওয়ার বিপক্ষে। তবে দলের বুদ্ধিজীবীরা বিএনপিকে নির্বাচনের অংশগ্রহণের কথা বললেও দলটি গণমাধ্যমের সামনে বলছে, বিএনপির চেয়ারপারসনকে বন্দি রেখে তারা নির্বাচনে যাবে না।
নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির এক সিনিয়র নেতা জানান, নির্বাচনের সময় জোট প্রধান খালেদা জিয়া কারাবন্দি থাকলে শুধু বিএনপি নয়, ২০ দলীয় জোট নির্বাচনে যাবে কি না, সেই বিষয়ে দল এবং জোটের মধ্যে এখনও আলোচনা চলছে। তবে এই বিষয়ে এখনও কোন সিদ্ধান্ত হয়নি।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা নির্দলীয় নিরপেক্ষ সরকার, দেশের সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে এবং বেগম খালেদা জিয়াসহ সকল কারাবন্দিদের মুক্ত করে নির্বাচনের দাবি জানিয়ে আসছি। আর সেই লক্ষে আমরা কাজও করছি। এজন্য আমরা সংগ্রাম করছি। আর এ সংগ্রামে অবশ্যই আমরা বিজয়ী হবো



