
উহানের ল্যাব থেকে নয়, ‘প্রাণীর মাধ্যমে’ ছড়িয়েছে করোনা: বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মকর্তা
বিশ্ব স্বাস্থ্য সংস্থার একজন কর্মকর্তা দাবি করেছেন চীনের হুবেই প্রদেশের উহানের কোনও ল্যাব নয়, বরং কোনও প্রাণীর মাধ্যমে এই ভাইরাস মানুষের শরীরে প্রবেশ করেছে।
উহানের ভাইরোলজি ল্যাবে এই ভাইরাসের জন্মেছে বলে দাবি করে সম্প্রতি মার্কিন সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের আঞ্চলিক পরিচালক তাকেসি কাসাই বলেন, এই পর্যায়ে এসে ভাইরাসটির যথাযথ উৎস নির্ধারণ করা সম্ভব নয়। তবে এখন পর্যন্ত যেসব প্রমাণ রয়েছে তাতে বলা যায়- কোনও প্রাণীর মাধ্যমেই মানুষের শরীরে এই ভাইরাসের সংক্রমণ ঘটেছে।
মঙ্গলবার অনলাইন ব্রিফিংয়ে তিনি আরও বলেন, করোনার উৎপত্তি নিয়ে গবেষকরা গবেষণা চালিযে যাচ্ছেন। বাদুরের মাধ্যমে এই ভাইরাস আসতে পারে বলে ধারণা করা হচ্ছে; তবে কীভাবে মানুষের শরীরে প্রবেশ করেছে তা আমরা নিশ্চিত করে জানি না।
যুক্তরাষ্ট্র সরকারের সূত্রের বরাত দিয়ে গত সপ্তাহে ফক্স নিউজ ও ওয়াশিংটন পোস্ট করোনাকে উহানের ল্যাব থেকে উৎপাদিত ভাইরাস বলে অভিহিত করে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও একই মত দেন।
করোনার উৎস নিয়ে নানা তথ্য সামনে এলেও; এখনও সঠিক করে কেউ কিছু বলতে পারছেন না। বিষয়টি নিয়ে জোর গবেষণা চলছে। ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের গবেষকরা জানিয়েছেন, গত বছরের নভেম্বর বা ডিসেম্বরে একটি বন্যপ্রাণীর মার্কেট থেকেই এই ভাইরাসে সংক্রমণ শুরু।
প্রাণঘাতী নভেল করোনায় বিশ্বজুড়ে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ২৫ লাখ ৩ হাজার ৩৩২ জন; মৃত্যু হয়েছে ১ লক্ষ ৭১ হাজার ৭৯৬ জনের।◉



