
রাস্তার কুকুর বিড়াল করোনায় অভুক্ত থাকছে
ঢাকা ও তার আশেপাশে কত সংখ্যক কুকুর আছে- তার সঠিক সংখ্যাটা জানা না থাকলেও ঢাকার দুই সিটি কর্পোরেশন থেকে প্রাপ্ত তথ্য বলছে, প্রায় দুই লাখ কুকুর আছে এখানে। করোনাভাইরাসের মহামারীর এই সময়ে মানুষের পাশাপাশি বিপদে পড়েছে এসব কুকুর।
শুধু কুকুর নয়, বিড়াল ও কিছু এলাকায় থাকা বানরও বিপদে পড়েছে। এই প্রাণীগুলোর বেশিরভাগ অভুক্ত থাকছে। সরকারের নির্দেশে বন্ধ রয়েছে সরকারি ও বেসরকারি অফিস, ব্যবসা প্রতিষ্ঠান ও হোটেল-রেস্টুরেন্ট। বেশিরভাগ বাসিন্দা ঘরবন্দী। বিশেষ প্রয়োজন ছাড়া কেউ বাইরে যাচ্ছেন না।
রাজধানীর অলি-গলিতে থাকা কুকুরগুলো বাসা-বাড়ি এবং হোটেল থেকে ফেলা উচ্ছিষ্ট খেয়ে জীবন ধারণ করত। কিন্তু হোটেলসহ সব বন্ধ থাকায় অভুক্ত থাকছে এসব কুকুর বিড়াল। ফলে অনেকক্ষেত্রে হিংস্র হয়ে উঠছে এসব প্রাণী।
মিরপুরের মনিপুর এলাকার বাসিন্দা মোস্তফা কামাল বলেন, মঙ্গলবার দুপুরে কিছু খাবার কিনে ফুটপাত দিয়ে হেঁটে বাসায় ফিরছিলাম। বাসার কাছাকাছি যেতেই কয়েকটি কুকুর সামনে এসে ঘেউ ঘেউ ও চেঁচামেচি করতে থাকে। পাশের দোকান থেকে রুটি কিনে কুকুরগুলোকে খেতে দেই। খাবার দেখে হুমড়ি খেয়ে পড়ে কুকুরগুলো।
ঢাকার দুই সিটি কর্পোরেশনের হিসাব মতে, রাজধানীতে রয়েছে প্রায় দুই লাখ বেওয়ারিশ কুকুর। পোষা কুকুর রয়েছে প্রায় ছয় হাজার। এসব কুকুর হোটেল ছাড়াও রাজধানীর বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন স্পটের উন্মুক্ত ময়লা থেকে খাবার খেয়ে বেঁচে থাকে। তবে রাজধানীর বিভিন্ন পাড়া-মহল্লার কয়েকজন তরুণ কিছু অভুক্ত কুকুরকে খাবার দিচ্ছে। বিরাট একটি অংশ রয়ে গেছে অভুক্তের তালিকায়।
এ বিষয়ে সম্প্রতি পিপলস ফর অ্যানিমেল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান স্থপতি রাকিবুল হক এমিল মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিমকে চিঠি দিয়েছেন।
চিঠিতে বলা হয়েছে, সারা দেশ এখন অবরুদ্ধ। তাই রাজধানীসহ দেশের মালিকবিহীন প্রাণীদের প্রতি মানবিক আচরণ করুন এবং মন্ত্রণালয় থেকে খাবার সংস্থানেরও অনুরোধ করা হয়েছে।
ঢাকার কয়েকটি এলাকা ঘুরে দেখা যায়, অভুক্ত বেওয়ারিশ কুকুরের দল খাবারের সন্ধানে ঘুরে বেড়াচ্ছে মহানগরীতে। পাড়া-মহল্লা, পার্ক-খেলার মাঠ, সড়ক-ফুটপাত সর্বত্র অভুক্ত বেওয়ারিশ কুকুরের আনাগোনা। যত্রতত্র সময়-অসময়ে ক্ষুধার জ্বালায় কুকুরের হাক ডাক দিন দিন বাড়ছে।
ফলে এসব অভুক্ত কুকুর নগরবাসীর মাঝে এখন বড় চিন্তার বিষয় হয়ে উঠেছে। রাজধানীর অনেক এলাকায় যানবাহন চলাচল না করায় অভুক্ত বেওয়ারিশ কুকুর এখন খাবারের সন্ধানে ঘুরে বেড়াচ্ছে সব জায়গায়। এই অবস্থা রাস্তায় থাকা বিড়ালগুলোরও। অভুক্ত দিন রাত পার করছে তারাও।◉



