
ভারতে পুলিশের অভিনব শাস্তির ভিডিও ভাইরাল
ভারতে লকডাউন ভাঙায় তামিলনাড়ুর তিরুপ্পুর পুলিশ ৩ যুবককে অভিনব পন্থায় শাস্তি দিয়েছে। ঘটনাটির একটি ভিডিও স্যোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, লকডাউনে মানুষকে সচেতন করতে কোথাও রাস্তায় কান ধরে ওঠবস, কোথাও যোগব্যায়াম করিয়ে শাস্তি দিতে দেখা গেছে পুলিশকে। অনেক জায়গায় মারধর করা হয়েছে। কিন্তু সব পন্থাকে হার মানাল তামিলনাড়ুর তিরুপ্পুর পুলিশ।
লকডাউন অমান্যকারীদের উচিৎ শিক্ষা দিতে যে উপায় তারা নিয়েছেন তা নিয়ে হাসির রোল উঠেছে। পুলিশের অভিনব শাস্তির ভিডিওটি ইতোমধ্যে ভাইরাল হয়েছে।
ভিডিওতে দেখা গেছে, চেকিংয়ের সময় স্কুটিতে চেপে ঘুরে বেড়ানো তিন যুবককে অভিনব উপায়ে শিক্ষা দিচ্ছে পুলিশ। প্রথমে তিন যুবককে রাস্তায় আটকায় পুলিশ। তাদের কারও মুখে মাস্ক ছিল না।
তারপর তাদের চ্যাংদোলা করে একটি দাঁড়িয়ে থাকা অ্যাম্বুল্যান্সের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়। সেই অ্যাম্বুল্যান্সে একজন পিপিই পরে শুয়ে ছিল। তাকে করোনা আক্রান্ত ভেবে অ্যাম্বুল্যান্সের ভেতরে হুড়োহুড়ি শুরু করে দেন তিন যুবক।
কেউ কেউ অ্যাম্বুল্যান্সের জানালা দিয়ে পালানোর চেষ্টা করেন। কিন্তু পুলিশ সদস্যরা বাইরে দাঁড়িয়ে তাদের পালানোর পথ আটকায়।
এরপর সেই পিপিই পরা যুবক ওই তিন যুবকের দিকে এগিয়ে গেলে আতঙ্কের চোটে কান্নাকাটি শুরু করেন তারা। শেষে কাকুতি-মিনতি করে অ্যাম্বুল্যান্স থেকে বের হন ওই তিন যুবক।
ভিডিওর শেষে পুলিশ জনগণকে বার্তা দিয়ে বলেছে, রাস্তায় যে কেউ করোনা আক্রান্ত ঘোরাঘুরি করতে পারে। তাই বাড়িতে থাকাই শ্রেয়। আর খুব প্রয়োজন না থাকলে বাড়ির বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছে পুলিশ। আর যদি প্রয়োজনে বেরতেই হয় তাহলে মুখে মাস্ক যেন অবশ্যই থাকে।◉
ভিডিও
https://www.facebook.com/NammaTirupurMemes/videos/257653508741636/?t=15



