ব্রাজিল থেকে যুক্তরাষ্ট্রে ভ্রমণে নিষেধাজ্ঞা
মহামারী করোনাভাইরাস সংক্রমণ মোকাবেলায় ব্রাজিল থেকে যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
রোববার হোয়াইট হাউস থেকে এক বিবৃতিতে ব্রাজিল থেকে যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষিদ্ধ করার ঘোষণা দেওয়া হয়।
বিশ্বে করোনা আক্রান্তে সংখ্যার দিক থেকে যুক্তরাষ্ট্রের পর ব্রাজিল এখন দ্বিতীয়। দেশটিতে করোনার বিস্তার ভয়াবহ আকার ধারণ করেছে। এমতাবস্থায় প্রেসিডেন্ট ট্রাম্প ব্রাজিল থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ করলেন।
প্রেসিডেন্ট ট্রাম্প ভ্রমণ নিষিদ্ধের ঘোষণায় বলেছেন, ব্রাজিল থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করলে কোভিড-১৯ এর সংক্রমণ বাড়ার সম্ভাবনা রয়েছে।এটি আমাদের জাতীয় সুরক্ষার জন্য হুমকিস্বরূপ।
ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের স্বার্থে আমি ঠিক করেছি, ব্রাজিল থেকে বিদেশি অভিবাসী ও পর্যটককে যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ ও স্থগিত করা হবে। এই নিষেধাজ্ঞাটি এখন সে সব নাগরিকদের ক্ষেত্রে প্রযোজ্য যারা যুক্তরাষ্ট্রে ভ্রমণ করার ১৪ দিন আগে ব্রাজিলে ছিলেন।
চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস ইটালি, ইরান, স্পেন ও যুক্তরাষ্ট্রে ভয়াবহ সংক্রমণ ছড়িয়ে এখন সংক্রমণের নতুন কেন্দ্র হতে চলেছে দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিল।
ব্রাজিলে আক্রান্ত ৩ লাখ ৭৬ হাজার ছাড়িয়ে গেছে। দেশটিতে ২৩ হাজার ৫২২ জন মানুষ মারা গেছে।
আর করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা এক লাখ হতে চলেছে। আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গেছে ১৬ লাখ। ⛘



