
ডা. সাবরিনা আরও ২ দিনের রিমান্ডে
করোনার নমুনা পরীক্ষার ভুয়া প্রতিবেদন দেওয়ার মামলায় গ্রেপ্তার জোবেদা খাতুন সর্বজনীন স্বাস্থ্যসেবার (জেকেজি হেলথকেয়ার) চেয়ারম্যান ডা. সাবরিনা আরিফ চৌধুরীকে আরও দুই দিনের রিমান্ড দিয়েছেন আদালত।
আজ শুক্রবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুদ উর রহমান এ আদেশ দেন। মামলাটির তদন্ত কর্মকর্তা পুলিশের গোয়েন্দা শাখার পরিদর্শক মো. লিয়াকত আলী ডা. সাবরিনার পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এদিন তেজগাঁও থানায় দায়ের করা প্রতারণা মামলায় সাবরিনাকে আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা। আগের তিন দিনের রিমান্ড থেকে যথেষ্ট তথ্য পাওয়া যায়নি এবং সংশ্লিষ্ট বিভিন্ন তথ্য জানতে আরও জিজ্ঞাসাবাদ প্রয়োজন বলে উল্লেখ করেন তিনি। এ কারণে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা। শুনানি নিয়ে বিচারক দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগের দিন ১২ জুলাই দুপুর ১টার দিকে ডা. সাবরিনাকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে নেয় তেজগাঁও পুলিশ। জিজ্ঞাসাবাদ শেষে তাকে গ্রেফতার করা হয়।
ডা. সাবরিনা একজন সরকারি চিকিৎসক হয়েও নিজেকে জেকেজি হেলথকেয়ারের চেয়ারম্যান বলে পরিচয় দিতেন। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে কোনো ধরনের অনুমতি ছাড়াই বাসায় গিয়ে নমুনা সংগ্রহ, সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা করিয়েও টাকা নেওয়াসহ বিভিন্ন অভিযোগ ছিল। পরে স্বাস্থ্য অধিদফতর জেকেজি’র নমুনা সংগ্রহের অনুমতি বাতিল করে।
এদিকে, জেকেজি’র মূল প্রতিষ্ঠান ওভাল গ্রুপের প্রধান আরিফুলসহ বেশ কয়েকজন এসব অনিয়ম-প্রতারণার অভিযোগে গ্রেফতার হন। পরে জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার হন ডা. সাবরিনাও। তিনি আরিফের স্ত্রী। যদিও পুলিশের কাছে জিজ্ঞাসাবাদে ডা. সাবরিনা জানিয়েছেন, আরিফকে তালাক দিয়েছেন তিনি। এদিকে, এরই মধ্যে ডা. সাবরিনাকে বরখাস্ত করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। ❑



