
১২ ডিসেম্বর ১৯৭১, বিজয়ের পথে
জাহান আরা দোলন: আজ ১২ ডিসেম্বর। বিজয়ের মাস ডিসেম্বর। ১৯৭১ সালে এই দিনে নিশ্চিত পরাজয়ের সম্মুখীন পাকিস্তানি শাসকগোষ্ঠী। যুদ্ধক্ষেত্র ছেড়ে কোনমতে পালিয়ে বাঁচবার পথ খুঁজছে। তবুও, জেনারেল নিয়াজী সেনানিবাসে নিজের নিরাপদ আশ্রয়ে থেকে অত্যন্ত গর্বিত আর অহংকারী কন্ঠে বলেন, পাকিস্তান সেনাবাহিনীর যতক্ষণ পর্যন্ত একজন সেনা বেঁচে থাকবে ততক্ষণ প্রতিটি ইঞ্চির জন্যে লড়াই চালিয়ে যাবে।
রেডিও পিকিং চায়না সম্প্রচার করে সোভিয়েত ইউনিয়ন ভারতের মাধ্যমে মূলত চীনকেই আক্রমণ করতে চায়। এটাই সোভিয়েত ইউনিয়নের তথাকথিত বাংলাদেশকে সমর্থনের অন্যতম কারণ।
মার্কিন প্রশাসন রণক্ষেত্রে তাদের আসন্ন হস্তক্ষেপের সিদ্ধান্ত পাকিস্তানকে জানিয়ে দেয়। উপমহাদেশে তখন তারিখ ১২ ডিসেম্বর। লে. জেনারেল গুল হাসান পশতু ভাষায় নিয়াজীকে টেলিফোন বার্তা পাঠিয়ে দেন, ১৩ ডিসেম্বরের মধ্যাহ্নে পাকিস্তান বাহিনীকে সাহায্য করার জন্য ‘উত্তর ও দক্ষিণ উভয় দিক থেকে বন্ধুরা এসে পড়বে।
১২ ডিসেম্বর ১৯৭১ বাংলাদেশে কোনও সংবাদপত্র প্রকাশিত হয় নি। ঢাকায় সামরিক অবস্থানের ওপর বিমান হামলা অব্যাহতভাবে চলছিল। গুল হাসানের সংবাদের পর ঢাকার সামরিক কর্তৃপক্ষ চব্বিশ ঘণ্টার জন্য কারফিউ জারী করে ঘরে ঘরে তল্লাশী শুরু করে।
এদিন রাতে মেজর জেনারেল রাও ফরমান আলী আল-বদর ও আল-শামসের কেন্দ্রীয় অধিনায়কদের ডেকে পাঠান। তার সভাপতিত্বে সদর দফতরে গোপন বৈঠকে বুদ্ধিজীবী হত্যার নীলনকশা প্রণয়ন করা হয়। ফরমান আলী তাদের হাতে তুলে দেন বুদ্ধিজীবীসহ নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের নামের তালিকা।
পরিকল্পনার অংশ হিসাবে রাতে আলবদর বাহিনী সাংবাদিক নিজামউদ্দিন আহমদ, আ.ন.ম. গোলাম মোস্তফাকে তাঁদের বাসভবন থেকে অপহরণ করে। তাঁরা আর কখনও ফিরে আসেননি।
১২ ডিসেম্বর সকাল আটটায় নরসিংদী মুক্তাঞ্চল ঘোষিত হয়। হানাদার মুক্ত হয় কক্সবাজার। বিকেলে ভারতের আর একটি ইউনিট ডেমরা ঘাট থেকে পাঁচ কিলোমিটারের মধ্যে এসে পড়ে। সূর্যাস্তের আগে জামালপুর ও ময়মনসিংহের দিক থেকে জেনারেল নাগরার বাহিনী টাঙ্গাইলে প্যারাস্যুটারদের সঙ্গে যোগ দিয়ে শক্তিশালী প্রতিরোধ গড়ে তোলে। মিত্রবাহিনী টাঙ্গাইলের মির্জাপুর, কালিয়াকৈর ও পার্শ্ববর্তী অঞ্চলে সেনা নামিয়ে রাতে প্রচণ্ড আক্রমণ চালায়। তাদের সাহায্যে এগিয়ে আসে কাদেরিয়া বাহিনী। শুরু হয় তুমুল যুদ্ধ। ফলে ঢাকা অভিযানের সূচনার সূত্রপাত ঘটে।
এদিন চার নম্বর সেক্টরের বীর মুক্তিবাহিনী হরিপুর আক্রমণ করে এবং পরদিন হরিপুর শত্রু মুক্ত হয়।
যৌথবাহিনী দিনাজপুরের খানসামা থানা আক্রমণ করে। যুদ্ধে ভারতীয় বাহিনীর ১৫ জন ও সাত মুক্তিযোদ্ধা শহীদ হন। তাদের হাতে এক মেজরসহ পাকবাহিনীর ১৯ জন ধরা পড়ে। তবে দিনাজপুরের বিরল থানায় বহলা গ্রামে এদিন ঘটে গণহত্যার নৃশংস ঘটনা। হানাদার বাহিনীর একটি দল বহলা গ্রামে প্রবেশ করে। মুক্তিযোদ্ধাদের প্রবল আক্রমণের মুখে পিছু হটার এক পর্যায়ে কাঞ্চন ক্যাম্পের খান সেনারা অনুপ্রবেশ করে ওই গ্রামে। তারা গ্রামবাসীকে গ্রাম ছেড়ে যাবার নির্দেশ দেয়। খান সেনাদের নির্দেশ মত তল্পিতল্পা নিয়ে গ্রামবাসীরা গ্রাম ছাড়ার উদ্যোগ নেয়। এই সময় খান সেনারা মাইকযোগে আবার তাদের এক হবার নির্দেশ দেয়। তখন মাগরিবের নামাজের সময়। অনেকে নামাজের কাতারে দাঁড়িয়ে গেছে। সকলে নামাজে দাঁড়ালে পিছন থেকে ব্রাশ ফায়ারে ঘটনাস্থলে শহীদ হন ৩৭ জন।
এদিন নীলফামারী , গাইবান্ধা, নরসিংদী, সরিষাবাড়ী, ভেড়ামারা, শ্রীপুর হানাদারমুক্ত হয়। সপ্তম নৌবহরকে বাধা দেওয়ার জন্য চালনা থেকে কক্সবাজার পর্যন্ত ছোট বড় অবশিষ্ট সকল জাহাজ ও নৌযান, উপকূলীয় অবকাঠামো, কক্সবাজার বিমানবন্দর প্রভৃতি ধ্বংস বা অকেজো করে ফেলে ভারতীয় নৌবাহিনী।
নবনিযুক্ত প্রধানমন্ত্রী নূরুল আমিন অত্যন্ত কঠোর ভাষায় ভারতকে পাকিস্তান ছেড়ে যেতে বলেন। সাংবাদিকদের সাথে আলাপ প্রসঙ্গে তিনি বলেন, পাকিস্তানের জনগণ মাতৃভূমি রক্ষায় শেষ পর্যন্ত লড়ে যেতে দৃঢ় সংকল্পবদ্ধ।
এদিন, ন্যাশনাল আওয়ামী পার্টির সভাপতি মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী এক বিবৃতিতে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে ব্যাপকভাবে সমর্থন দেয়ার জন্য ভারত সরকার ও ভারতীয় জনগণকে ধন্যবাদ জানান। তিনি আরও বলেন, মুক্তির এই সংগ্রামে জয়লাভের আর দেরি নেই।❐



