আঞ্চলিকবাংলাদেশ

চলন্ত বাসে কলেজছাত্রীকে ধর্ষণচেষ্টা: চালক শহীদ রিমান্ডে

সুনামগঞ্জের দিরাইয়ে চলন্ত বাসে কলেজছাত্রীকে ধর্ষণচেষ্টার মামলার মূল আসামি চালক শহীদ মিয়াকে (২৬) জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার দুপুরে আমল গ্রহণকারী আদালত দিরাই জোনের বিচারক জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. রাগীব নূর বাসচালককে জিজ্ঞাসাবাদের জন্য ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

সুনামগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক সেলিম নেওয়াজ গণমাধ্যমকে জানান, পুলিশের পক্ষ থেকে আদালতে আসামি শহীদ মিয়ার পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে আদালত ৩ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন। এরপর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

বাসচালক শহীদ মিয়া সিলেটের জালালবাদ থানার মোগলগাঁও ইউনিয়নের মোল্লারগাঁও গ্রামের তৌফিক মিয়ার ছেলে।

এর আগে শনিবার ভোরে সিআইডি সুনামগঞ্জের পুরাতন বাসস্টেশন থেকে তাকে আটক করে। রোববার সিআইডির হেডকোয়ার্টারে জিজ্ঞাসাবাদ শেষে রাতে শহীদ মিয়াকে দিরাই থানা পুলিশের কাছে সোপর্দ করে সিআইডি।

এ ঘটনায় ২৭ ডিসেম্বর গভীর রাতে চালকের সহকারী রশিদ আহমদকে ছাতকের বুরাইরগাঁও থেকে গ্রেফতার করে সিলেটের পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। রশিদ আহমদ ২৯ ডিসেম্বর আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

প্রসঙ্গত, ২৬ ডিসেম্বর বিকালে সিলেটের লামাকাজী থেকে দিরাইয়ে যাওয়ার পথে দিরাই পৌরসভার সুজানগর এসে চালক ও সহকারী কলেজছাত্রীকে ধর্ষণের চেষ্টা করে। ওই সময় চলন্ত বাস থেকে লাফিয়ে পড়েন ওই ছাত্রী।

স্থানীয়রা তাকে সড়কের পাশ থেকে উদ্ধার করে দিরাই হাসপাতালে নিলে মাথায় গুরুতর আঘাত পাওয়ায় তাকে দিরাই হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনায় ওই দিন রাতেই ছাত্রীর বাবা বাদী হয়ে বাসচালক শহীদ মিয়া ও সহকারী রশিদ আহমদসহ তিনজনকে আসামি করে দিরাই থানায় মামলা করেন।

এদিকে বাসচালকসহ ধর্ষণচেষ্টায় জড়িতদের গ্রেফতারের দাবিতে সুনামগঞ্জ তথা সিলেট বিভাগজুড়ে প্রতিবাদের ঝড় উঠে।❐

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension