বাংলাদেশ

‘শ্রমিকনেতা হয়ে শাজাহান খান মন্ত্রিত্ব করছেন কী করে?’

রূপসী বাংলা ডেস্ক:সড়কে মৃত্যুর মৃত্যুর ঘটনায় নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান চালক-শ্রমিকদের ‘যথোপযুক্ত শাস্তির বিপরীতে’ অবস্থান নিয়েছেন বলে মনে করেন সাংস্কৃতিক সংগঠক কামাল লোহানী। আর তাই তিনি শাজাহান খানের মন্ত্রিত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন। বলেছেন, ‘তিনি (শাজাহান খান) একইসঙ্গে শ্রমিক আন্দোলন করছেন, আবার মন্ত্রিত্বও জাহির করছেন- এটা কী করে সম্ভব।’

মে দিবস উপলক্ষে মঙ্গলবার কেন্দ্রীয় শহীদ মিনারে আরণ্যক নাট্যদলের এক অনুষ্ঠানে যোগ দিয়ে কামাল লোহানী এমন মন্তব্য করেন।

সম্প্রতি রাজধানীসহ সারাদেশে বাসচাপায় অঙ্গহানি হয়ে মারা গেছেন বেশ কয়েকজন। এদের মধ্যে ১৬ এপ্রিল রাতে ঢাকা মেডিকেল কলেজে মারা যান দুই বাসের প্রতিযোগিতায় ডান হাত হারানো তিতুমীর কলেজের ছাত্র রাজীব হোসেন। এরপর গত ২৯ এপ্রিল মারা যান বনানীর চেয়ারম্যানবাড়ি এলাকায় বাসের চাপায় পা হারানো রোজিনা আক্তার।

এসব মৃত্যুর ঘটনায় চালকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে যাত্রী অধিকার আন্দোলন নামে একটি সংগঠন। চালকদের কঠোর শাস্তির দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতেও চলে আলোচনা।

এ নিয়ে গত ৩০ এপ্রিল এক অনুষ্ঠান শেষে কথা বলেন নৌপরিবহনমন্ত্রী ও পরিবহন শ্রমিকদের সবচেয়ে বড় সংগঠন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি শাজাহান খান। তিনি বলেন, ‘যারা বলেন সাজা বাড়ালেই দুর্ঘটনা কমবে, আমি এই তত্ত্বের সঙ্গে, এই কথার সঙ্গে একমত না। তাহলে বাংলাদেশে কোনো খুন হতো না, খুনের সাজা হলো ফাঁসি। তারপরেও কি খুন বন্ধ হয়ে আছে?’

এর আগে চালকদের লাইসেন্স পাওয়ার যোগ্যতার ব্যাপারে ‘গরু-ছাগল চিনতে পারলেই হলো’ বলে বক্তব্য দিয়েছিলেন নৌমন্ত্রী। এ নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েন তিনি।

মন্ত্রীর এসব বক্তব্যের সমালোচনা করেন কামাল লোহানী। বলেন, ‘সড়কে চালকদের যোগ্যতা নিয়ে যখন প্রশ্ন উঠছে, যখন মানুষ মারার অপরাধে তাদের মৃত্যুদণ্ডের দাবি উঠেছে, তখন তার বিপরীতে অবস্থান নেন মন্ত্রী শাজাহান খান।’

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অন্যতম সংগঠক কামাল লোহানী নৌপরিবহনমন্ত্রীর সমালোচনা করে বলেন, ‘আজকে আমরা যখন মুক্তিযুদ্ধের চেতনায় এক বাংলাদেশ গড়ার কথা বলছি, তখন সেই বাংলার মন্ত্রিসভায় এই কুৎসিত লোকটি কী করে সদস্য হন! তিনি একইসঙ্গে শ্রমিক আন্দোলন করছেন, আবার মন্ত্রিত্বও জাহির করছেন- এটা কী করে সম্ভব।’

সড়কে বিশৃঙ্খলার প্রসঙ্গে বলতে গিয়ে নারায়ণগঞ্জের সাংসদ ও আওয়ামী লীগ নেতা শামীম ওসমানেরও সমালোচনা করেন কামাল লোহানী। বলেন, ‘বাসচালক-শ্রমিকদের কাছ থেকে টাকা আদায় করে তিনি এখন সেই টাকার বলে মানুষ কিনে নিচ্ছেন।’

আরণ্যকের মে দিবসের অনুষ্ঠানে এ সংগঠনের সভাপতি মামুনুর রশীদও নৌপরিবহনমন্ত্রীর সমালোচনা করেন এবং তাকে বিচারের কাঠগড়ায় তোলার দাবি জানান।

মামুনুর রশীদ বলেন, ‘বাংলাদেশের ২ শতাংশ মানুষ ৯৮ শতাংশ রাষ্ট্রীয় সম্পদের মালিক বনে গেছে। উল্টোদিকে বাঙালির মধ্যে এখনও কর্মসংস্কৃতি আসেনি। বাঙালি সেই অলস আর কুঁড়েই থেকে গেছে।’

উদীচী শিল্পীগোষ্ঠীর সাবেক এই সভাপতি অভিযোগ করেন, সরকার এখন ডিজিটাল নিরাপত্তা আইনের ৩২ ধারা দিয়ে মুক্তবাক, মুক্তকণ্ঠ ‘রোধ করতে চায়’।

শ্রমিক আন্দোলনে নেতৃত্বের পুরোভাগে থাকা ‘বিরাট হৃদয় অগ্নিগর্ভ চোখগুলো’ এখন ‘বন্ধ হয়ে আসছে’ বলেও মন্তব্য করেন কামাল লোহানী।

নাট্যকার মান্নান হীরা অভিযোগ করেন, এখনকার শ্রমিক আন্দোলনের নেতারা ‘ক্ষমতাসীনের স্তুতিতে মুখর’ থাকেন।

‘‘ট্রেড ইউনিয়নের ম্যানেজমেন্ট এখন শোষকের সঙ্গে আপস করে শ্রমিকদের অন্ধকারে রেখেছে” বলেও মন্তব্য করেন তিনি।

এর আগে মে দিবসের আন্তর্জাতিক সংগীত পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় আরণ্যকের মে দিবস উদযাপন। নাট্য নির্দেশক অভিনেতা আসাদুল ইসলাম আবৃত্তি করেন ‘তিতাস একটি লাশের নাম’ ও ‘কমান্দান্তে’ কবিতা দুটি।

পরে আরণ্যক পরিবেশন করেন পথনাটক ‘অরণ্যমঙ্গল’।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension