
ইসরাইলি দূতাবাসে বিস্ফোরণের ঘটনায় অমিত শাহের পশ্চিমবঙ্গ সফর বাতিল
ভারতের রাজধানীর দিল্লিতে ইসরাইলি দূতাবাসের সামনে বিস্ফোরণের ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পশ্চিমবঙ্গ সফর বাতিল করা হয়েছে।
শুক্রবার রাতে অমিত শাহের পশ্চিমবঙ্গ রাজ্যে আসার কথা ছিল। সেই সফর আপাতত বাতিল করা হয়েছে। ইসরাইলি দূতাবাসের সামনে বিস্ফোরণের কারণেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই সিদ্ধান্ত বলে জানা গেছে।
পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, দিল্লিতে পরিবর্তিত পরিস্থিতির কারণে অমিত শাহ আসতে পারছেন না। তার সফর স্থগিত করা হয়েছে। সফর কবে হবে তার দিনক্ষণ পরে জানানো হবে।
দিলীপ আরও জানান, শনিবারের পশ্চিমবাঙ্গের অনুষ্ঠান স্থগিত করলেও রোবববার হাওড়ায় যোগদান কর্মসূচি এখনও বহাল রয়েছে।
অমিতের বদলে অন্য কোনও কেন্দ্রীয় নেতা ওই সভায় আসতে পারেন, কিন্তু কে আসবেন তা এখনও তাদের জানা নেই।
শনিবারের ওই সভায় রাজ্যের সাবেক মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়, বিধায়ক বৈশালী ডালমিয়া, প্রবীর ঘোষাল, হাওড়ার সাবেক মেয়র রথীন চক্রবর্তীসহ কয়েকজনের বিজেপিতে যোগদানের কথা ছিল। তবে, নিরাপত্তার কারণে শনিবার অনুষ্ঠেয় ঠাকুরনগরের ওই সভা ইতিমধ্যেই বাতিল করা হয়েছে।
ভারতের রাজধানী নয়া দিল্লিতে শুক্রবার বিকালে এ পি জে আব্দুল কালাম রোডে অবস্থিত ইসরাইলি দূতাবাসের সামনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
বিস্ফোরণে কেউ হতাহত হননি বলে প্রাথমিক খবরে জানা গিয়েছে। তবে তিনটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
বিস্ফোরণের এ ঘটনাকে জঙ্গি হামলা বলে সন্দেহ করছে দিল্লি পুলিশ। ঘটনার পরেই এলাকায় ছুটে যায় ফায়ার সার্ভিস। বিস্ফোরণের পরপরই দিল্লি পুলিশের ফরেনসিক দলও ঘটনাস্থলে পৌঁছে।
প্রাথমিক খবরে জানা গেছে, দূতাবাসের প্রায় দেড়শো মিটার দূরে একটি আবাসনের সামনের ফুটপাতে প্লাস্টিকের ব্যাগের মধ্যে অ্যামোনিয়াম নাইট্রেট জাতীয় বিস্ফোরক রাখা ছিল। বিস্ফোরণের সময় ২ কিলোমিটার দূরে রাইসিনা হিলসের বিজয় চকে ‘বিটিং রিট্রিট’ (প্রজাতন্ত্র দিবসের সমাপ্তি অনুষ্ঠান) চলছিল।
সেখানে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাই নিরাপত্তার কারণে এলাকা ঘিরে বেষ্টনী তৈরি করে দিল্লি পুলিশ এবং কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনী (সিআইএসএফ)।
দিল্লি পুলিশ জানিয়েছে, দূতাবাসের আশপাশের এলাকায় মোতায়েন করা হয়েছে সিআরপিএফ বাহিনী। এ পরিস্থিতিতে দিল্লি বিমানবন্দরসহ বিভিন্ন এলাকায় সতর্কতা জারি করা হয়।
এর আগে ২০১২ সালের ফেব্রুয়ারি মাসে দিল্লির ইসরাইলি দূতাবাসের একটি গাড়িতে ‘স্টিকার বোমা’ বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। ঘটনার পেছনে ইরানের সন্ত্রাসীদের হাত রয়েছে বলে অভিযোগ উঠেছিল।❐
আনন্দবাজার পত্রিকা



