
দিল্লি সীমান্তে যেন যুদ্ধের প্রস্তুতি!
ভারতের রাজধানী দিল্লির সীমান্তগুলোতে কাঁটাতারের বেড়া, বড় লোহার ব্যারিকেড ও পুলিশের একের পর এক টহল ক্রমশ বাড়ছে। বিভিন্ন রাজ্য থেকে আন্দোলনে আসা কৃষকদের ঠেকাতে এতসব আয়োজন দিল্লি পুলিশের।
সীমান্তগুলোর অবস্থা দেখলে মনে হবে, কোনও এক যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ভারত সরকার। আন্দোলনরত কৃষকরাই বলছেন, তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার।
প্রিয়াঙ্কা গান্ধী কৃষকদের বিরুদ্ধে সরকারের এই প্রতিরোধের একটি ভিডিও টুইটারে পোস্ট করে প্রশ্ন তুলেছেন, ‘মোদি জি, নিজেদের কৃষকদের সঙ্গেই যুদ্ধ?’
মোদি সরকারের প্রণয়ন করা বিতর্কিত তিনটি কৃষি আইনের বিরুদ্ধে প্রায় তিন মাস ধরে আন্দোলন করছেন কৃষকরা। এই আন্দোলনকে মোদির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। ইতোমধ্যেই মোদি সরকার বিতর্কিত আইন তিনটি স্থগিতের প্রস্তাব দিয়েছিল কৃষকদের।
प्रधानमंत्री जी, अपने किसानों से ही युद्ध? pic.twitter.com/gn2P90danm
— Priyanka Gandhi Vadra (@priyankagandhi) February 2, 2021
কিন্তু কৃষকরা ওই আইনগুলোর পুরোপুরি বাতিল চাইছে। কিন্তু আইন বাতিল করতে চাইছে না মোদি প্রশাসন। সুপ্রিম কোর্ট এক আদেশ বলে আইনগুলোকে স্থগিত করে রেখেছে। আদালতের এমন অবস্থানের পরেও কেন্দ্রীয় সরকারের আইনগুলোকে বাতিল না করাকে বিশ্লেষকরা বিজেপির (ভারতীয় জনতা পার্টি) অহং হিসেবে দেখছেন।
গত সপ্তাহে কৃষকরা দিল্লিতে ট্রাক্টর র্যালি করতে গেলে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে একজন বিক্ষোভকারী নিহত ও একাধিক পুলিশ আহত হয়। কৃষক নেতারা দাবি করেন যে, আন্দোলন ধ্বংস করতেই পুলিশ সহিংসতা উসকে দিয়েছে। ওই ঘটনার পর থেকে কৃষকরা দিল্লি সীমান্তে যেমনি আরও শক্তিশালী অবস্থান নিয়েছেন, তেমনি পুলিশও কঠোর পদক্ষেপ নিয়েছে। সবচেয়ে বাজে অবস্থা সিঙ্ঘু, গাজীপুর এবং তিকরি সীমান্তে।
দিল্লি এবং উত্তরপ্রদেশ প্রশাসন পরিস্থিতি সামলাতে বিপুলসংখ্যক পুলিশ ও ড্রোন মোতায়েন করেছে। প্রশাসন ক্রমশ বিক্ষোভকারীদের চারপাশ থেকে ঘিরে ধরার চেষ্টা করছে। পুলিশ চাইছে কৃষকদের মূল সড়ক থেকে সরিয়ে আনতে।
দিল্লি পুলিশ কমিশনার এস এন শ্রীবাস্তব বলেন, ‘আমি অবাক হই তখন, যখন দিল্লিতে ট্রাক্টর নিয়ে প্রবেশ করল, পুলিশ হামলার শিকার হলো, ব্যারিকেড ভেঙে ফেলা হলো, কিন্তু এ নিয়ে কেউ কথা বলল না। আমরা এখন কী করতে পারি? আমরা ব্যারিকেড আরও কঠোর করেছি, যাতে আবার তা ভেঙে ফেলতে না পারে।’
দিল্লি-হরিয়ানা সীমান্তে পুলিশ নিজেরাই মূল সড়ক বন্ধ করে রেখেছে বড় পেরেক পুঁতে দিয়ে। কৃষকরা যাতে ট্রাক্টর নিয়ে ওই রাস্তা অতিক্রম করতে না পারে তাই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। কিষান সোশ্যাল আর্মির সদস্য অনুপ চানৌত জানান, সরকার আন্তর্জাতিক সীমান্তের মতো করে এখানে ব্যারিকেড দিচ্ছে। তিনি আরও বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে বসে আছি। কিন্তু আমাদের যদি সংসদ ঘেরাও করতে সামনের দিকে এগোতে হয়, তাহলে এসব ব্যারিকেড আমাদের ঠেকাতে পারবে না।’❐
বিবিসি



