
পর্নো অভিনেত্রীর মুখ বন্ধ রাখতে টাকা দেয়ার কথা স্বীকার করেছেন ট্রাম্প
রূপসী বাংলা ডেস্ক:পর্নো অভিনেত্রী স্টর্মি ড্যানিয়েলসের সঙ্গে কথিত সম্পর্ক নিয়ে কেলেঙ্কারি কোনোভাবেই পিছু ছাড়ছে না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের।
স্থানীয় সময় বৃহস্পতিবার ট্রাম্প নিজেই জানয়েছেন, স্টর্মির মুখ বন্ধ রাখতে তার আইনজীবীর দেয়া টাকা তিনি আবার শোধ করে দিয়েছেন। কিন্তু তা বৈধভাবেই দেয়া হয়েছে।
ট্রাম্পের সঙ্গে যৌন সম্পর্কের কথা গোপন রাখার শর্তে ২০১৬ সালে ট্রাম্পের আইনজীবী মাইকেল কোয়েন স্টর্মিকে ১ লাখ ৩০ হাজার ডলার দিয়েছিলেন বলে জানুয়ারিতে একটি পত্রিকায় খবর প্রকাশিত হয়। পরে ওই আইনজীবী সেকথা স্বীকার করলেও, ট্রাম্প বিষয়টি অস্বীকার করেন।
এর আগে মার্কিন সংবাদমাধ্যমকে নিউইয়র্কের সাবেক মেয়র রুডি জুলিয়ানি জানান, ওই অভিনেত্রীর মুখ বন্ধ রাখতে ট্রাম্পের আইনজীবী তাকে যে টাকা দিয়েছিলেন, তা ট্রাম্প আবার তাকে শোধ করে দিয়েছেন। এর পরই ঘটনা নতুন মোড় নেয়।
কিছুদিন ধরে এ প্রশ্ন উঠে যে স্টর্মি ড্যানিয়েলসকে আইনজীবী কোয়েনের দেয়া টাকাটা ট্রাম্পের নির্বাচনী প্রচারের তহবিল থেকে গিয়েছিল কিনা? যদি সেটি হয়, তবে তা আমেরিকান ফেডারেল আইনের লংঘন।
এ ব্যাপারে বৃহস্পতিবার ফক্স নিউজ টিভিতে ট্রাম্টের আইনজীবী দলের গুরুত্বপূর্ণ সদস্য ও নিউইয়র্কের সাবেক মেয়র রুডি জুলিয়ানি ব্যাখ্যা দেন। তিনি বলেন, ওই টাকা প্রেসিডেন্টের নির্বাচনী প্রচারণা তহবিলের টাকা ছিল না, ফলে এ ক্ষেত্রে প্রচারণার তহবিল তসরুপের কোনও ঘটনা ঘটেনি।
রুডি জুলিয়ানি বলেন, টাকাটা দিয়েছিল একটি ল ফার্ম। প্রেসিডেন্ট পরে সেই পাওনা শোধ করে দেন। একেকবারে ৩৫ হাজার ডলার করে কিস্তিতে টাকা দেয়া হয়।
রুডি জানান, তিনি প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেই এ সাক্ষাতকার দিচ্ছেন।
এ সাক্ষাৎকার প্রচারের পর এক টুইট বার্তায় ট্রাম্প জানান, কোয়েন যে অর্থ পেয়েছেন তা প্রচারাভিযানের টাকা ছিল না। এবং তা দিয়ে দু’ব্যক্তির মধ্যে একটি তথ্য গোপন রাখার চুক্তি হয়েছিল।
ট্রাম্প টুইটে লেখেন, বিখ্যাত এবং ধনী ব্যক্তিদের মধ্যে এরকম ঘটনা প্রায়ই হয়ে থাকে।
তিনি টুইটে বলেন, মিজ ক্লিফোর্ড (স্টর্মি ড্যানিয়েলসের আসল নাম) যাতে মিথ্যা বলে টাকা আদায় করতে না পারেন সে জন্যই এ চুক্তি ।
উল্লেখ্য, গত জানুয়ারিতে ওয়াল স্ট্রিট জার্নাল পত্রিকা এক প্রতিবেদনে জানায়, ২০০৬ সাল পর্যন্ত ঐ অভিনেত্রীর সঙ্গে সম্পর্ক রেখেছিলেন ট্রাম্প। তারপর ২০১৬ সালের নির্বাচনের প্রচারণা শুরুর আগে তার মুখ বন্ধ করতে আইনজীবী মাইকেল কোয়েনের হাত দিয়ে গোপনে ওই অভিনেত্রীকে ১ লাখ ৩০ হাজার ডলার দিয়েছিলেন ট্রাম্প।



