
পাকিস্তানে নবীর অবমাননা নিয়ে বিক্ষোভ ছড়ানোয় ফরাসিদের দেশত্যাগের আহ্বান
পাকিস্তানের বিভিন্ন জায়গায় ফ্রান্স-বিরোধী সহিংস বিক্ষোভ চলার কারণে ফ্রান্স সেখানে থাকা তাদের সব নাগরিককে সাময়িকভাবে সে দেশ ত্যাগ করার আহ্বান জানিয়েছে।
পাকিস্তানে ফরাসি দূতাবাস থেকে হুঁশিয়ার করা হয়েছে যে ‘পাকিস্তানে ফ্রান্সের স্বার্থ সংশ্লিষ্ট স্থান ও ব্যক্তিরা গুরুতর হুমকিতে রয়েছে।’। দূতাবাস সারা দেশে বিক্ষোভ ছড়িয়ে পড়ার ব্যাপারেও সতর্ক করে দিয়েছে।
বিক্ষোভকারীদের সঙ্গে নতুন সংঘর্ষে এই সপ্তাহে দু’জন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন।
নবীর কার্টুন দেখানোর অধিকারের পক্ষে ফ্রান্স যুক্তি দেওয়ার পর পাকিস্তানে কয়েক মাস আগে এই বিক্ষোভ প্রথম শুরু হয়েছিল।
ফ্রান্সে একটি স্কুলের ক্লাসে মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে আলোচনার সময় এ ধরনের কার্টুন দেখানোর পর একজন শিক্ষকের শিরশ্চ্ছেদের ঘটনার পর গত বছর অক্টোবর মাসে, ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রঁ বাকস্বাধীনতার পক্ষে জোরালো যুক্তি দেন।
এর জেরে পাকিস্তানসহ গোটা মুসলিম বিশ্বে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়। পাকিস্তান ফরাসি পণ্য বর্জনের ডাক দেয়।
নবীর চিত্র প্রদর্শন ইসলামে পুরোপুরি নিষিদ্ধ এবং মুসলমানদের কাছে এটা অবমাননাকর ও ধর্মদ্রোহিতার সামিল।কিস্তানের আইনে নবীকে অবমাননার দায়ে দোষী সাব্যস্ত হলে দায়ী ব্যক্তির মৃত্যুদণ্ডের বিধান রয়েছে।
বুধবার এক সংবাদ সম্মেলনে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ আহমেদ বলেন, পাকিস্তান ”নবীর সম্মান অক্ষুণ্ন রাখার পক্ষে”, কিন্তু টিএলপির দাবি মেনে নিলে ‘বিশ্বের চোখে পাকিস্তান একটি উগ্রপন্থী দেশ হিসাবে পরিগণিত হবে।’❐



