
স্মৃতিভ্রষ্ট বৃদ্ধাকে হাতকড়া পরিয়ে মার্কিন পুলিশের মশকরা
স্মৃতিভ্রষ্ট হওয়া ৭৩ বছর বয়সী এক বৃদ্ধাকে নিয়ে মশকরা করতে দেখা গেছে যুক্তরাষ্ট্রের কয়েক পুলিশ কর্মকর্তাকে।
সোমবার (২৬ এপ্রিল) ওই বৃদ্ধার আইনজীবীর প্রকাশ করা ভিডিও ফুটেজে দেখা যায়, তাকে জোর করে গ্রেফতারের সময় তার কাঁধ ফুলে গেছে। আর ভিডিওতে এই দৃশ্য দেখে তারা মজা করছেন।
গত বছরের ২৬ জুন কারেন গার্নার নামের ওই বৃদ্ধাকে গ্রেফতার করা হয়েছে। তখন কলোরাডো রাজ্যে ওয়ালমার্টের একটি স্টোরে ঢুকে কিছু পণ্য নিয়ে ১৩ ডলার মূল্য শোধ না করে তিনি বেরিয়ে আসেন।
গ্রেফতারের সময় তার কনুই ভেঙে ও কাঁধের হাড় স্থানচ্যুত হয়ে গেছে। এ ঘটনায় লাভল্যান্ড পুলিশ বিভাগ একটি তদন্ত শুরু করেছে। যদিও তাদের কোনো মন্তব্য পাওয়া যায়নি।
গ্রেফতারের দিন পুলিশ স্টেশনের বুকিং এরিয়ার ভিডিওতে দেখা যায়, ঘটনার বডি-ক্যামেরার ফুটেজ দেখার সময় পরস্পরের মুষ্টি-ঠুকে পুলিশ কর্মকর্তারা আনন্দ প্রকাশ করছেন।
তারা যখন খুশিতে মেতে আছেন, তখন কারাকক্ষে হাতকড়া অবস্থায় একটি বঞ্চে বসে থাকতে দেখা গেছে ওই বৃদ্ধাকে।
অফিসারদের মন্তব্য আরও পরিষ্কার করতে একজন শব্দ-প্রকৌশলীকে ভাড়া করেছেন ওই বৃদ্ধার পরিবার।
আর পুলিশ বিভাগের বিরুদ্ধে মামলা করেছেন তাদের আইনজীবী। তাদের অভিযোগ, পুলিশ কর্মকর্তারা ওই বৃদ্ধার ওপর সহিংস হামলা করেছেন এবং আমেরিকার প্রতিবন্ধী আইন লঙ্ঘন করেছেন।
অ্যাটর্নি সারাহ শিলেক বলেন, তার মক্কেলকে অন্তত ছয় ঘণ্টা চিকিৎসা সেবা থেকে বঞ্চিত রাখা হয়েছে। গ্রেফতারের পর তিনি যন্ত্রণায় কাঁদছিলেন। যা নির্যাতনের শামিল।
এ ঘটনায় এক পুলিশ কর্মকর্তাকে প্রশাসনিক ছুটিতে পাঠানো হয়েছে। আর দুজনকে প্রশাসনিক দায়িত্বে বদলি করা হয়েছে।❐



