বাংলাদেশ

দলবল দেখে আমরা আদেশ দেই না: প্রধান বিচারপতি

রূপসী বাংলা ডেস্ক:বিচারপতিরা দলবল দেখে আদেশ দেন না বলে উল্লেখ করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। খালেদা জিয়াকে হাইকোর্টের দেয়া জামিন বহাল রেখে আপিল বিভাগের রায়ের সংক্ষিপ্ত আদেশ (শর্ট অর্ডার) চাইতে গেলে তার আইনজীবীদের উদ্দেশ্যে এ কথা বলেন বিচারপতি।

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার জামিন বহালের সংক্ষিপ্ত রায় চেয়ে আবেদন করেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী। সে আবেদন নাকচ করে দেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

বিএনপি চেয়ারপার্সনের আইনজীবী এ জে মোহাম্মদ আলী আদালতকে বলেন, আমরা খালেদা জিয়ার জামিনের সংক্ষিপ্ত আদেশ চাচ্ছি। বেলবন্ড দাখিলের জন্য সংক্ষিপ্ত আদেশ দরকার।

আদালত বলেন, সংক্ষিপ্ত আদেশ দেয়ার বিধান আপিল বিভাগের রুলসে নেই। তবে তাড়াতাড়ি জামিনের রায় প্রকাশ করা হবে।

এ সময় অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আপত্তি জানিয়ে বলেন, খালেদা জিয়া তো আরো কয়েকটি মামলায় শোন অ্যারেস্ট আছেন। এছাড়া আপিল বিভাগ থেকে এ ধরনের শর্ট অর্ডার দেয়ার নজির নেই।

প্রধান বিচারপতি খালেদার আইনজীবীকে বলেন, আপনার আবেদন রিফিউজ (নাকচ) করা হলো।

এ জে মোহাম্মদ আলী বলেন, হাইকোর্ট বিভাগের রুলসে শর্ট অর্ডার দেয়ার বিধান আছে।

তখন বিচারপতি মোহাম্মদ ইমান আলী প্রশ্ন করেন, হাইকোর্টের বিধান কী আমাদের জন্য মানা বাধ্যতামূলক?

জবাবে খালেদা জিয়ার আইনজীবী বলেন, আমি তা বলছি না। আপনারা চাইলে তা দিতে পারেন।

প্রধান বিচারপতি আবার বলেন, আপনার আবেদন রিফিউজ (নাকচ) করা হলো।

বিএনপি চেয়ারপার্সনের আইনজীবী আবার বলেন, আমি তো একা এসেছি। দলবল নিয়ে আসেনি।

তখন প্রধান বিচারপতি বলেন, এটা কেমন কথা? দলবল নিয়ে আসলেই কী আমরা আদেশ দিয়ে দেই? দলবল দেখে আমরা আদেশ দেই না।

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় কারাদণ্ডপ্রাপ্ত খালেদা জিয়াকে হাইকোর্টের দেয়া জামিন আদেশ বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। তবে তিনি জামিন পেলেও আরো কয়েকটি মামলায় শোন অ্যারেস্ট থাকায় আপাতত মুক্তি পাচ্ছেন না।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension