
বাংলাদেশের প্রবীণ ফটো জার্নালিস্ট ও জাতীয় প্রেস ক্লাবের সিনিয়র সদস্য মো. লুৎফর রহমান বীনু মারা গেছেন। আজ সোমবার ২৬ জুলাই দুপুর ১২ টার দিকে খিলগাঁওয়ের বাসায় অসুস্থ হয়ে পড়লে ধানমন্ডি ইবনে সিনা হাসপাতালে নেওয়ার পথে হৃদযন্ত্রে ক্রিয়া বন্ধ হয়ে মারা যান বলে তার স্বজনরা জানান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী ও গুনগ্রাহী রেখে গেছেন।
মো. লুৎফর রহমান বীনু অত্যন্ত প্রতিভাবান একজন ফটো সাংবাদিক ছিলেন। তিনি সর্বশেষ দৈনিক ইনকিলাবে সিনিয়র ফটো সাংবাদিক হিসেবে অবসর নেন। এছাড়াও তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত ফটো সাংবাদিক হিসেবে কাজ করেন। তার উল্লেখযোগ্য প্রকাশনা ফটো অ্যলবাম ও ছবির বই ‘ঢাকা-৭১’, ‘স্ট্রাগল ফর ডেমোক্রেসি’,’আমাদের প্রধানমন্ত্রী’ ও ‘এ চলার শেষ নেই’।
আজ বাদ আসর খিলগাঁও স্থানীয় মসজিদে নামাজে জানাজার পর পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়।
লুৎফর রহমান বীনুর মৃত্যুতে এক বিবৃতিতে গভীর শোক জানিয়েছেন যুক্তরাষ্ট্রভিত্তিক টেলিভিশন ‘বাংলা চ্যানেল’-এর প্রেসিডেন্ট, মাসিক প্রকাশনা ‘অনুস্বর’ ও ‘রূপসী বাংলা’র সম্পাদক শাহ্ জে. চৌধুরী। তিনি বীনুর শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও দুঃখপ্রকাশ করেছেন।
এছাড়া বাংলাদেশ জাতীয় প্রেস ক্লাব সভাপতি ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক ইলিয়াস খান এক বিবৃতিতে ক্লাব সদস্য মো. লুৎফর রহমান বীনু এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। নেতারা শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।



