প্রবাস

আমেরিকায় ৭ দিনের রোড শো শুরু আজ, আকর্ষণের কেন্দ্রে ওয়ালটন

আমেরিকায় সপ্তাহব্যাপী রোড শো শুরু হচ্ছে নিউ ইয়র্ক থেকে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের উদ্যোগে স্থানীয় সময় সোমবার (২৬ জুলাই) সকালে নিউ ইয়র্ক সিটির কেন্দ্রস্থল ম্যানহাটনে শুরু হতে যাচ্ছে প্রথমদিনের কর্মসূচি। আন্তর্জাতিক অঙ্গনে দেশের শেয়ারবাজারের ব্যাপ্তি ও প্রবাসী বাংলাদেশি এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণের জন্য পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এই উদ্যোগ নিয়েছে।

এই রোড শো-তে শেয়ারবাজারের বর্তমান পরিস্থিতি, বিনিয়োগের সুযোগ-সুবিধা এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডের ব্যাপকতা তুলে ধরা হবে। এই আয়োজনের সব প্রস্তুতি রোববার সন্ধ্যায় সম্পন্ন হয়েছে। ম্যানহাটনের হোটেল ইন্টারকন্টিনেন্টাল বার্কলের বলরুমে হবে মূল অনুষ্ঠান। বলরুম ঘিরে থাকছে কয়েকটি প্রতিষ্ঠানের স্টল ও ডিসপ্লে সেন্টার এবং মিটিং রুম।

প্রধানমন্ত্রীর বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সিনিয়র সচিব আব্দুর রউফ তালুকদার, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবায়াত-উল-ইসলাম, বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ, বিডার নির্বাহী চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম, বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মো. নজরুল ইসলামসহ সরকারি-বেসরকারি ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে যোগ দিচ্ছেন।

সম্মেলনে অংশ নিতে ঢাকা থেকে বেশ কয়েকজন সাংবাদিকও এসেছেন। রোড শোর মূল শিরোনাম দি রাইজ অব বেঙ্গল টাইগার: পটেনশিয়ালস ইন ট্রেন্ড অ্যান্ড ইনভেষ্টমেন্ট ইন বাংলাদেশ। এই রোড শো যুক্তরাষ্ট্রের ৪ শহরে ২৬ জুলাই থেকে ২ আগষ্ট পর্যন্ত চলবে।

এই অনুষ্ঠানগুলোতে বিভিন্ন পর্বে পুঁজিবাজারকেন্দ্রিক বিভিন্ন বিষয়কে ফোকাস করা হয়েছে। রোড শোর প্রথমদিন সোমবার থাকছে দুটি পর্ব। যুক্তরাষ্ট্রের সময় অনুযায়ী সকাল সাড়ে ৯টায় প্রথম পর্ব শুরু হবে। যেখানে অংশ নেবেন অনাবাসি বাংলাদেশিরা। এ পর্ব চলবে বেলা সাড়ে ১২টা পর্যন্ত। দুপুর আড়াইটায় শুরু হবে দ্বিতীয় পর্ব। সেই পর্বে অংশ নেবেন বিদেশি বিনিয়োগকারীরা।

২৮ জুলাই দ্বিতীয় রোড শো হবে ওয়াশিংটন ডিসিতে। তৃতীয়টি ৩০ জুলাই লস এঞ্জেলেসে। চতুর্থ রোড শো’ অনুষ্ঠিত হবে সিলিকন ভ্যালি সান ফ্রান্সিসকোতে, ২ আগস্ট।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension