আন্তর্জাতিক

ভারতের হস্তক্ষেপ চাইল

রূপসী বাংলা ডট ইউএস ডেস্ক:চলমান রাজনৈতিক সংকট নিরসনে ভারতের সহযোগিতা চেয়েছেন মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট ও বিরোধীদলীয় নেতা মোহাম্মদ নাশিদ। গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে তিনি মালদ্বীপে সরাসরি ভারতীয় সেনার উপস্থিতি কামনা করেছেন। খবর এনডিটিভি।নাশিদ বলেছেন, সাবেক প্রেসিডেন্ট মামুন আবদুল গাইয়ুম ও সুপ্রিমকোর্টের দুই বিচারপতিকে মুক্ত করতে ভারতীয় সেনা সমর্থিত একজন কূটনীতিকের মালদ্বীপে আসা প্রয়োজন। তিনি বলেন, ‘আমরা তাদের সরাসরি উপস্থিত হওয়ার আহ্বান জানাচ্ছি।’

গত বৃহস্পতিবার মালদ্বীপের সুপ্রিমকোর্টের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ এবং বিরোধী দলের ১২ এমপিকে সন্ত্রাসবাদের অভিযোগে কারাদ- দেওয়াকে ‘অসাংবিধানিক ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে রায় দিয়ে তাদের মুক্তির নির্দেশ দেয়। তবে সরকার এ নির্দেশ প্রতিপালন করেনি। রবিবার দেশটির অ্যাটর্নি জেনারেল শঙ্কা প্রকাশ করে জানান, সুপ্রিমকোর্ট প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামিনের অভিশংসনের পক্ষে রুল দিতে পারে। এ পরিস্থিতিতে সোমবার রাতে দেশে জরুরি অবস্থা জারি করা হয়। গত মঙ্গলবার ভোরের দিকে পুলিশ সুপ্রিমকোর্ট প্রাঙ্গণে প্রধান বিচারপতি আবদুল্লাহ সাঈদ ও আলী হামিদ নামে আরেক বিচারক এবং জুডিশিয়াল সার্ভিস অ্যাডমিনিস্ট্রেটর হাসান সাঈদকে গ্রেপ্তার করে। এর আগে মধ্যরাতে দেশটির সাবেক প্রেসিডেন্ট মামুন আবদুল গাইয়ুম এবং তার মেয়ের জামাই মোহাম্মদ নাদিমকে রাজধানী মালের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।প্রসঙ্গত ২০১৩ সালে প্রেসিডেন্ট ইয়ামিন ক্ষমতায় আসার পর থেকে বাকস্বাধীনতা, বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে প্রশ্ন উঠেছে। এ ছাড়া বিরোধী নেতাকর্মীদের ধরপাকড় ও গণগ্রেপ্তার করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। বর্তমান সংকটের পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘উন্নয়নের জন্য এসব সমস্যাসংকুল ও হতাশাজনক।’ তারা আরও অভিযোগ করেছে, আদালতের আদেশ মানতে ব্যর্থ হয়েছে পুলিশ এবং প্রেসিডেন্ট ইয়ামিন। প্রধান প্রধান বিরোধী নেতাকে হয় দেশ ছাড়তে বাধ্য করেছেন না হয় কারাগারে ঢুকিয়েছেন। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদ এক টুইটে মালদ্বীপ সরকারকে হুশিয়ার করে লিখেছে, ‘বিশ্ব সব দেখছে।’

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension