যুক্তরাষ্ট্র

আক্রমণাত্মক তালেবানকে রুখতে কাতার যাচ্ছেন যুক্তরাষ্ট্রের দূত

তালেবান চার দিনে আফগানিস্তানের ছয় প্রদেশের রাজধানী দখলে নিয়েছে। একই সঙ্গে দেশের আরও বহু এলাকার দখল নিতে নিরাপত্তা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে লড়ছেন তারা। সামরিক উপায় অবলম্বন করে সশস্ত্র গোষ্ঠীটির এ অগ্রযাত্রা ভালো চোখে দেখছে না বিশ্ব। ফলে তালেবানের ‘সামরিক আক্রমণ রুখতে চাপ দেওয়ার জন্য’ কাতার যাচ্ছেন যুক্তরাষ্ট্রের আফগানিস্তানবিষয়ক দূত জালমাই খালিলজাদ।

সোমবার যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব স্টেট এ ঘোষণা দেয়। খবর আলজাজিরার।

খবরে বলা হয়, চলতি সপ্তাহে কাতারের দোহায় অনুষ্ঠেয় আলোচনায় জালমাই খালিলজাদ ‘তালেবানকে তাদের সামরিক আক্রমণ বন্ধ করতে চাপ দেবেন’।

এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব স্টেট জানায়, আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য তিন দিনে বেশ কয়েক দফা বৈঠকের শিডিউল চূড়ান্ত করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, আফগানিস্তানে দ্রুত অবনতিশীল পরিস্থিতির বিষয়ে যৌথ আন্তর্জাতিক প্রতিক্রিয়া তৈরির জন্য জালমাই খালিলজাদ দোহা যাবেন।

বৈঠকে যুক্তরাষ্ট্রের দূত দোহায় বিভিন্ন পক্ষের প্রতিনিধির সঙ্গে আলোচনায় বসবেন, যারা সহিংসতা হ্রাস ও যুদ্ধবিরতির জন্য চাপ দেবে এবং জোর করে চাপানো সরকারকে স্বীকৃতি না দেওয়ার অঙ্গীকার করবে।

এর আগে সোমবার তালেবান ঘোষণা দিয়েছে, তারা চার দিনে আফগানিস্তানের ছয়টি প্রদেশের রাজধানী দখল নিতে সক্ষম হয়েছে।

দীর্ঘ ২০ বছর পর আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। আগস্টেই প্রত্যাহার প্রক্রিয়া শেষ করবে দেশটি। এর মধ্যেই তালেবান দেশের প্রায় অর্ধেকের বেশি জেলার দখল নিয়ে নিয়েছে। সামরিক উপায়ে ক্ষমতায় যেতে চায় না তালেবান— এমন কথা বলার পরও লড়াই চালিয়ে যাচ্ছে সশস্ত্র গোষ্ঠীটি।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension