
পেনশনের অর্থ পেতে মায়ের লাশ লুকিয়ে রাখে ছেলে!
পেনশনের অর্থ ভোগ করতে মায়ের মৃত্যুর খবর গোপন করেছিলেন ছেলে। এমনকি মায়ের মৃতদেহ মমির মতো সংরক্ষণ করে লুকিয়ে রেখে এক বছরেরও বেশি সময় ধরে পেনশনের অর্থ তুলে আসছিলেন তিনি।
বিবিসি জানিয়েছে, অস্ট্রিয়ার পশ্চিমাঞ্চলের টাইরোল অঞ্চলে সম্প্রতি এমন ঘটনা ঘটেছে। ঘটনাটি ধরা পড়ার পর পুলিশ জানায়, গত বছরের জুনে খুব সম্ভবত স্বাভাবিক মৃত্যু হয় ৮৯ বছর বয়সী ওই বৃদ্ধার।
এরপর তার ৬৬ বছর বয়সী ছেলে মরদেহের পচন ও দুর্গন্ধ ছড়ানো বন্ধে বরফ প্যাক, ব্যান্ডেজ দিয়ে লাশ মুড়ে বাড়ির বেজমেন্টে তা লুকিয়ে রেখেছিলেন। মায়ের মৃত্যুর পর থেকে ধরা পড়ার আগ পর্যন্ত ছেলে পেনশনের প্রায় ৫০ হাজার ইউরো তুলে নিয়েছেন বলে ধারণা পুলিশের।
এলাকায় নতুন ডাকপিয়ন আসার পরই ধরা পড়ে যায় ছেলের এ কাণ্ড । পেনশনের অর্থ দিতে ডাকপিয়ন বৃদ্ধার বাড়িতে গিয়ে তার সঙ্গে দেখা করতে চাইলে তাকে দেখা করতে দেওয়া হয়নি। এতেই সন্দেহ সৃষ্টি হয়।
ডাকপিয়ন বৃদ্ধার দেখা না পাওয়ায় বিষয়টি তদন্তে গড়ায়। এরপরই ছেলের প্রতারণার বিষয়টি সামনে আসে। ধরা পড়ার পর ছেলে সবকিছু স্বীকার করেছেন বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা হেলমুথ গাফলার।
পুলিশের এই কর্মকর্তা বলেন, ওই ব্যক্তি জানিয়েছেন যে, তার আয়ের কোনো পথ ছিল না। মায়ের মৃত্যুর কথা জানালে সঙ্গে সঙ্গেই পেনশনের অর্থ বন্ধ হয়ে যেত, আর তেমন হলে তিনি বাসা ভাড়া দেওয়া এমনকী মায়ের শেষকৃত্যও করতে পারতেন না।



