নিউ ইয়র্কে প্রবাসী বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই খুন
নিউ ইয়র্কে প্রবাসী বাংলাদেশি বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই নিহত হয়েছেন। নিউ ইয়র্ক সিটির জ্যাকসন হাইটস এলাকায় গত শুক্রবার (৭ জানুয়ারি) অপরাহ্নে বাংলাদেশি পরিবারে এই মর্মান্তিক হত্যাযজ্ঞ ঘটে।
নিউ ইয়র্ক পোস্ট এক খবরে জানিয়েছে, এনওয়াইপিডি তথ্য অনুযায়ী, দুপুর ২টা ২০ মিনিটে এলমহার্স্টের ৭৪ তম স্ট্রিটে তার নিজ বাড়িতে ঘাড়ে এবং কাঁধে উপর্যুপরি ছুরিকাঘাতের ফলে প্রচণ্ড রক্তক্ষরণে মারা যায় শ্যন সরকার (২১)।
বড় ভাইকে (২৪) পুলিশ ঘটনাস্থল থেকে গ্রেফতার করেছে। তবে শনিবার রাত পর্যন্ত তার বিরুদ্ধে কোন অভিযোগ দায়ের করা হয়নি বলে কর্তৃপক্ষ তার নাম প্রকাশ করে নি।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, সিরাজগঞ্জ জেলা সদরের সন্তান আব্দুস সালাম সরকার ৪৫ বছর আগে যুক্তরাষ্ট্রে এসেছেন। কিন্তু তিনি এখন পর্যন্ত গ্রীণকার্ড পান নি। স্ত্রী এবং নিউ ইয়র্কে জন্মগ্রহণকারী ৩ পুত্র নিয়ে ৪৪১৫-৭৪ স্ট্রিটে অবস্থিত অ্যাপার্টমেন্টে বাস করেন আব্দুস সালাম (৬৭)।
প্রতিবেশীরা জানান, সালামের মেজো ছেলে শ্যন সরকার হাই স্কুল পাশ করতে পারে নি। তার আগেই হয়ে পড়ে মাদকাসক্ত। মাঝেমধ্যেই শ্যন মাতাল হয়ে বাসায় ফিরে মাকে অকথ্যভাষায় গালাগালি ছাড়াও মারধর করে আসছে।
৭ জানুয়ারি শুক্রবার বেলা ২টা ২০ মিনিটে শ্যন সরকারের বখে যাওয়া নিয়ে মায়ের সাথে ঝগড়া শুরু করেন তার সরকার দম্পতির বড় ছেলে। তা দেখে শ্যন সরকার এগিয়ে যান। এতে ক্ষিপ্ত হয়ে রান্নাঘর থেকে ছুরি এনে শ্যন সরকারের গলা ও ঘাড়ে ছুরিকাঘাত করেন বড়ভাই। আঘাতে মারাত্মকভাবে আহত হয় শ্যন।
খবর পেয়ে অ্যাম্বুলেন্সসহ পুলিশ এসে শ্যনকে নিকটস্থ এলমহার্স্ট হাসপাতালের জরুরী বিভাগে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপরই বড় ভাইকে পুলিশ গ্রেফতার করে।



