অর্থনীতি ও বাণিজ্য

যুক্তরাষ্ট্রে-যুক্তরাজ্যে বইয়ের দোকান বন্ধ করছে অ্যামাজন

দোকানে পণ্য বিক্রির ব্যবসা ঢেলে সাজানোর পরিকল্পনা নিয়েছে অ্যামাজন। এ ধারাবাহিকতায় চার তারকা দোকানসহ বই ও খেলনার দোকান বন্ধের উদ্যোগ নিয়েছে মার্কিন খুচরা বিক্রেতা প্রতিষ্ঠানটি। খবর এপি।

অ্যামাজন জানিয়েছে, এ সিদ্ধান্তে যুক্তরাষ্ট্রের মোট ৬৬টি এবং যুক্তরাজ্যের দুটি দোকান বন্ধ করা হবে। বইয়ের দোকান বন্ধ করে অ্যামাজন মুদি ও ডিপার্টমেন্টাল স্টোরের দিকে মনোযোগ বাড়াবে। পাশাপাশি অ্যামাজন গো এবং এ বছর আসন্ন ফ্যাশনের আনুষঙ্গিক পণ্য বিক্রির দোকান অ্যামাজন স্টাইলের ওপরও মনোযোগ বাড়াবে প্রতিষ্ঠানটি। এ বছর দক্ষিণ ক্যালিফোর্নিয়ার একটি শপিংমলে অ্যামাজন স্টাইলস্টোর খোলার পরিকল্পনা করছে সংস্থাটি।

এ সিদ্ধান্তের ফলে বন্ধ হওয়া দোকানের কর্মীদের চাকরি হারানোর শঙ্কা তৈরি হয়েছে। তবে দোকানের কর্মীদের জন্য নতুন কোনো ব্যবস্থা করার ইচ্ছা আছে মার্কিন ই-কমার্স জায়ান্টটির। এক বিবৃতিতে অ্যামাজন জানিয়েছে, দোকানগুলোর কর্মীদের জন্য নতুন কোনো কাজে নিয়োগ দেয়ার বিষয়ে ভাবছে সংস্থাটি। তবে অ্যামাজনের এ উদ্যোগের কারণে কতজন কর্মীর ওপর প্রভাব পড়বে তার সঠিক তথ্য জানা যায়নি।

বিবৃতিতে আরো বলা হয়, বড় ও দীর্ঘমেয়াদি খুচরা ব্যবসা করার প্রতিশ্রুতিতে আমরা অটুট থাকব। পাশাপাশি প্রযুক্তির ওপর আমরা আরো মনোযোগ বাড়ানোর পরিকল্পনা করছি।

২০১৫ সালে বইয়ের দোকান খোলে অ্যামাজন। এর আগে দুই দশক বই বিক্রির ব্যবসা অনলাইনে চালিয়েছে সংস্থাটি। এদিকে ২০১৮ সালে একটি চার তারকা দোকান প্রতিষ্ঠা করে অ্যামাজন। সংস্থাটির ওয়েবসাইটে সর্বাধিক বিক্রীত পণ্যগুলো বিক্রি হতো অ্যামাজনের চার তারকা দোকানে। পাশাপাশি এ দোকানগুলোয় বিভিন্ন ডিভাইসসহ ইলেকট্রনিক, খেলনা সামগ্রী এবং গেমসও বিক্রি হতে দেখা যায়।

এদিকে আয় প্রবৃদ্ধির গতিও শ্লথ হয়ে পড়েছে অ্যামাজনের। বিক্রি বাড়াতে নতুন নতুন উপায় খুঁজছে প্রতিষ্ঠানটি। এ অবস্থায়ই বইয়ের দোকানগুলো বন্ধের ঘোষণা দেয়া হলো।

বিষয়টি নিয়ে গ্লোবাল ডাটা রিটেইলের নির্বাহী পরিচালক নিল সন্ডার্স বলেছেন, অ্যামাজনের ঘোষণাটি বিস্ময়কর ছিল। এর মূল কারণ হিসেবে তিনি বলেন, খাদ্যবহির্ভূত অ্যামাজনের অন্যান্য দোকানগুলোর নির্দিষ্ট কোনো উদ্দেশ্য নেই। পথচারী আকৃষ্ট করতেই বইয়ের দোকান খুলেছিল সংস্থাটি। তবে তা ক্রেতাদের ভিড় জমাতে খুব একটা ফলপ্রসূ হয়নি। বিশেষ করে এখন দোকানে গিয়ে কেনার পরিবর্তে অনলাইন কেনাকাটার প্রতি ঝোঁক বেড়েছে ক্রেতাদের। এদিকে নতুন সমস্যা হয়ে দাঁড়িয়েছে দোকানগুলোয় রকমারি পণ্যের ভাণ্ডারও। কয়েকটি স্থানে দোকানগুলোর পণ্য ভাণ্ডারেও সংকট দেখা দিয়েছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension