বাংলাদেশ

স্বাধীনতা পুরস্কার পাওয়া আমির হামজা ছিলেন হত্যা মামলার আসামি, খেটেছেন জেলও

‘যে ক্ষতি পারোনা তুমি করিতে পুরণ, কেন সেই মহাপ্রাণ করিলে হরণ, কারে নিয়ে বলো আজ কবিতা লিখি, একটি মুজিব এনে দাওতো দেখি….’ এমন অসংখ্য গানের গীতিকার ও সাহিত্যিক মাগুরার শ্রীপুর উপজেলার বরিশাট গ্রামের চারণ কবি প্রয়াত আমির হামজাকে এ বছর সাহিত্যে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘স্বাধীনতা পুরস্কার- ২০২২’ প্রদানের ঘোষণা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৫ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগের এক বিজ্ঞপ্তিতে স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীতদের তালিকা প্রকাশ করা হয়েছে। সেখানে সাহিত্যে মাগুরার শ্রীপুরের প্রয়াত কবি মো. আমির হামজার নাম রয়েছে।

এরপরই বেরিয়ে আসে গানের আড়ালে থাকা আমির হামজার আরেক জীবনের গল্প। জানা যায়, ১৯৭৮ সালে মো. শাহাদাত হোসেন ফকির নামের এক ব্যক্তিকে হত্যার মামলার এক নম্বর আসামি ছিলেন আমির হামজা। ওই মামলায় যে ছয়জনের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল তাদের মধ্যে আমির হামজা একজন।

তবে গণমাধ্যমের কাছে খুনের মামলার আসামি হওয়ার কথা স্বীকার করলেও সেই মামলায় আমির হামজার দণ্ড পাওয়ার কথা অস্বীকার করেছেন তার বড় ছেলে মো. আলী মর্তুজা।

আর তার অপর ছেলে খুলনা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আছাদুজ্জামান জানান, ৮০-এর দশকে তাদের এলাকায় একটি মারামারিকে কেন্দ্র করে হত্যাকাণ্ড হয়। সেখানে তার বাবাসহ এলাকার একাধিক মানুষের নামে মামলা হয়। ওই মামলায় তিনি (আমির হামজা) কয়েকবছর কারাগারে ছিলেন। পরে বেকসুর খালাস পান।

এটিকে স্থানীয় গ্রামীণ রাজনীতির এটি একটি অংশ হিসেবে দাবি করে আছাদুজ্জামান বলেন, ‘গ্রামে এ ধরনের ষড়যন্ত্রমূলক ঘটনা প্রায়ই ঘটে। কারা জীবনেও কবি আমির হামজা প্রচুর লেখালেখি করেন।’

আমির হামজা মাগুরা জেলার শ্রীপুর থানার বরিশাট গ্রামে ১৯৩১ সালে জন্ম গ্রহণ করেন। মাত্র অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করার পরই নেমে পড়েন জীবনযুদ্ধে। তার বাবা ইমারত সরদার ও মা অবিরন নেছা। ২০১৯ সালের ২৩ জানুয়ারি ৮৭ বছর বয়সে আমির হামজা মারা যান।

জানা যায়, হত্যা মামলার প্রায় সাত বছর পর ছয়জনের যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। কারাদণ্ড পাওয়া আসামিরা হলেন মো. আমির হামজা, তার ভাই গোলাম রব্বানী সরদার, হাসেম মোল্লা, নুরুল মোল্লা, ওমেদ চৌধুরী ও আফজাল মোল্লা। তাদের সবার বাড়ি বরিশাট গ্রামে। যদিও ১৯৯১ সালে বিএনপি সরকার ক্ষমতায় আসার পর সরকারের সাধারণ ক্ষমা পেয়ে সব আসামি বেরিয়ে যান বলে গণমাধ্যমে জানিয়েছেন নিহত শাহাদত ফকিরের ছেলে মো. দিয়ানত আলী ফকির (৬৪)।

ওই মামলায় যারা আসামি হয়েছিলেন তাদের অধিকাংশেই এখন আর বেঁচে নেই। তবে আফজাল মোল্লা (৮০) এখনো বেঁচে আছেন। তিনি গণমাধ্যমকে কারাদণ্ডের বিষয়টি স্বীকার করে বলেন, ‘ষড়যন্ত্রমূলকভাবে আমি আসামি হই। প্রায় নয় বছর জেল খাটার পর ১৯৯১ সালে আমির হামজাসহ অন্যদের সাথে ছাড়া পাই।’

এবিষয়ে জাতীয় পুরস্কারসংক্রান্ত মন্ত্রিসভা কমিটির আহ্বায়ক ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক গণমাধ্যমকে বলেন, ‘একটি খুনের মামলায় আমির হামজার সংশ্লিষ্টতার বিষয়টি শুনেছি। এ নিয়ে খোঁজখবর করা হচ্ছে।’

স্থানীয়রা জানান, বিভিন্ন জায়গায় গানবাজনা ছাড়াও ব্যবসা ও স্থানীয় রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন আমির হামজা। তিনি দুই মেয়াদে শ্রীকোল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে সদস্য ছিলেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension