
হিলারির বিরুদ্ধে ট্রাম্পের মামলা
যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে নিজের প্রতিদ্বন্দ্বি হিলারি ক্লিনটনের বিরুদ্ধে মামলা করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হিলারি ছাড়াও ডেমোক্র্যাটিক পার্টির আরও কয়েকজন নেতা ও সহযোগী প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছেন ট্রাম্প।
বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, ২০১৬ সালের নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্পের সঙ্গে রাশিয়ার যোগসাজশ রয়েছে বলে যে অভিযোগ তোলা হয়েছিল, তা নিয়েই মামলা করেছেন ডোনাল্ড ট্রাম্প।
বৃহস্পতিবার (২৪ মার্চ) ফ্লোরিডার ফেডারেল আদালতে দায়ের করা এ মামলায় ৭ কোটি ২০ লাখ (৭২ মিলিয়ন) ডলার ক্ষতিপূরণ চাওয়া হয়েছে।
মামলার পর ট্রাম্পের অ্যাটর্নি অ্যালিনা হাব্বা এক বিবৃতিতে বলেন, বছরের পর বছর ধরে হিলারি ক্লিনটন ও তার সহযোগীরা তাদের নোংরা কাজের অপরাধ থেকে নিজেদের রক্ষা করার চেষ্টা করছে। তাই সব পক্ষকে তাদের জঘন্য কাজের জন্য দায়ী করতে এবং যুক্তরাষ্ট্রের পবিত্র গণতন্ত্রের নীতিগুলোকে সমুন্নত রাখতে এ মামলা করা হয়েছে।
ফ্লোরিডার ফেডারেল আদালতে দায়ের করা ১০৮ পাতার অভিযোগে বলা হয়, সংঘবদ্ধভাবে কাজ করে আসামিরা অন্যায়ভাবে ষড়যন্ত্র করে মিথ্যা তথ্য ছড়িয়েছে। তারা ট্রাম্পের সঙ্গে রাশিয়ার যোগসাজশ থাকার বিষয়টি প্রমাণ করার জন্য ভুয়া নথি তৈরি, আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে প্রতারণা ও সংবেদনশীল তথ্যের উৎসগুলোও নষ্ট করেছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থাকাকালীন ডোনাল্ড ট্রাম্প বিরোধীদের বিরুদ্ধে বারবার যেসব অভিযোগ তুলেছেন, সেসব অভিযোগই মামলায় আনা হয়েছে। জো বাইডেনের কাছে পরাজিত হওয়ার পরও ভোটে জালিয়াতির অভিযোগ তোলেন ট্রাম্প। যদিও তার এসব অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। এদিকে ট্রাম্পের মামলা নিয়ে এখন পর্যন্ত হিলারি ক্লিনটনের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।



