বাংলাদেশশিক্ষা

রোজায় স্কুল-কলেজ খোলা রাখার সময় কয়েক দিন কমতে পারে

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে আগামী ২৬ এপ্রিল পর্যন্ত শ্রেণিকক্ষে পাঠদানের যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সেটি পুনর্বিবেচনা করা হচ্ছে। স্কুল-কলেজ খোলার রাখার এ তারিখ আরও কয়েক দিন কমানো হতে পারে। তবে কত দিন কমানো হবে সেটি এখনো ঠিক হয়নি।

নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা আজ বৃহস্পতিবার প্রথম আলোকে এ সিদ্ধান্ত জানিয়েছেন। শিক্ষকদের পক্ষ থেকে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে স্কুল-কলেজ খোলার রাখার বিষয়টি পুনর্বিবেচনার করার অনুরোধ করা হয়েছে। মূলত এ কারণেই খোলার সময় কমানোর চিন্তা-ভাবনা করা হচ্ছে। সিদ্ধান্ত হলে খুব শিগগিরই এটি সবাইকে জানিয়ে দেওয়া হবে।

এর আগে গত সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এক আদেশে বলা হয়েছিল, করোনার কারণে দীর্ঘদিন শ্রেণিকক্ষে পাঠদান বন্ধ থাকায় শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম ক্ষতিগ্রস্ত হয়। এই পরিপ্রেক্ষিতেই শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে ২৬ এপ্রিল পর্যন্ত শ্রেণিকক্ষে পাঠদান অব্যাহত রাখার অনুরোধ করা হয়।
আর বিশ্ববিদ্যালয়গুলোকে একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের সিদ্ধান্তে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছে শিক্ষা মন্ত্রণালয়।

করোনার কারণে ২০২০ সালের ১৭ মার্চ সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছিল সরকার। ১৮ মাস পর গত সেপ্টেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হয়। কিন্তু এরপর নতুন করে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ২১ জানুয়ারি আবার শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করে সরকার, যা ২১ ফেব্রুয়ারি পর্যন্ত ছিল। এরপর প্রথমে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া হয়। পরে মার্চের প্রথম সপ্তাহে প্রাথমিক বিদ্যালয়ও খুলে দেওয়া হয়। বর্তমানে প্রাক-প্রাথমিকের ক্লাসও চলছে।

সাধারণত পবিত্র রমজান মাসে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি থাকে। কিন্তু এবার করোনার কারণে অস্বাভাবিক ছুটির কারণে শিক্ষার্থীদের যে ক্ষতি হয়েছে, সেটি খানিকটা হলেও পুষিয়ে নিতে প্রথমে ২০ রমজান পর্যন্ত সব সরকারি প্রাথমিক বিদ্যালয় খোলা রাখার ঘোষণা দেয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এরপর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান ২৬ এপ্রিল পর্যন্ত খোলার রাখার সিদ্ধান্তের কথা জানায়।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) একজন ঊর্ধ্বতন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার রাখার সময়টি কয়েক দিন কমানো হতে পারে বলে তাঁরা শুনছেন। তবে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। হয়তো এমনও হতে পারে, খোলার রাখার সময় যে কয়দিন কমানো হতে পারে সেই কয়দিন অনলাইনেও ক্লাস করার কথা বলা হতে পারে। তবে কোনোটাই এখনো চূড়ান্ত হয়নি।

এ দিকে রোজায় স্বাভাবিকভাবেই ক্লাসের সময়সূচিতে কিছুটা পরিবর্তন করা হচ্ছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension