
আটলান্টিক সিটিতে বাংলাদেশের স্বাধীনতা দিবস উদযাপন
সিটি হলের সামনে কোর্ট ইয়ার্ডে প্রথমবারের মতো বাংলাদেশের স্বাধীনতা দিবস উদযাপন
আটলান্টিক সিটি প্রতিনিধি: যুক্তরাষ্ট্রের নিউ জারসি রাজ্যের আটলান্টিক সিটিতে গত ২৯ মার্চ বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে।
বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জারসির উদ্যোগে ওইদিন দুপুরে সিটি হলের (নগর ভবন) সামনের কোর্ট ইয়ার্ডে স্বাধীনতা দিবস উদযাপনের অনুষ্ঠান আয়োজন করা হয়। বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন, কথামালা, সম্মাননা, মুক্তিযুদ্ধের কবিতা পাঠ, দেশের গানের সমন্বয়ে অনুষ্ঠানের ডালি সাজানো হয়েছিল।
আটলান্টিক সিটির মেয়র মার্টি স্মল স্বাধীনতা দিবসের প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন। এছাড়া নিউ জারসি রাজ্যের অ্যাসেম্বলিম্যান ডন গার্ডিয়ান, কংগ্রেসম্যান জেফ ভ্যান ড্রিউর প্রতিনিধি, আটলান্টিক কাউন্টির ডেমোক্র্যাটিক কমিটির চেয়ারম্যান মাইক সুলেমান, ডেমোক্র্যাট দলীয় কংগ্রেস প্রার্থী পদে প্রতিদ্বন্দ্বীতাকারী টিম আলেকজান্ডার, কমিশনার এট লারজ পদে প্রতিদ্বন্দ্বীতাকারী হাবিব রেহমানসহ বিভিন্ন কমিউনিটির সন্মানিতরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীত পরিবেশন শেষে মেয়র মার্টি স্মল বাংলাদেশের লাল সবুজ পতাকার রংয়ের সাথে মিলিয়ে লাল সবুজ বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন।
সভাপতিত্ব করেন বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জারসির সভাপতি জহিরুল ইসলাম বাবুল। সঞ্চালনার দায়িত্বে ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম খোকা। বক্তব্য রাখেন আটলান্টিক সিটির ৪নং ওয়ার্ডের কাউন্সিলর মো. হোসাইন মোর্শেদ, ৫নং ওয়ার্ডের কাউন্সিলর আনজুম জিয়া, জেফ ডরসি, মিমি নিমবো, ও ট্রাস্টি বোর্ডের সভাপতি আব্দুর রফিক প্রমুখ ।
মাননীয় মেয়র মার্টি স্মল তাঁর বক্তব্যে প্রবাসী বাংলাদেশিদেরকে স্বাধীনতা দিবসের শুভেচছা জানান এবং আটলান্টিক সিটিতে বহুজাতিক সমাজ বিনির্মাণে প্রবাসী বাংলাদেশিদের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।
বক্তারা বাংলাদেশ রাষ্ট্রের সৃষ্টিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন।
অনুষ্ঠানের উল্লেখযোগ্য দিক ছিল বাংলাদেশের সূর্য সন্তান দুই বীর মুক্তিযাদ্ধা জাহাংগির হোসেন ভূঁইয়া ও সাঈদ এহসান এর নেতৃত্বে বাংলাদেশের জাতীয় পতাকার প্রতি সন্মান জানিয়ে সিটি মেয়র মার্টি স্মলের স্যালুট প্রদান। এই সময় গর্বে, অহংকারে , উচ্ছাসে, আনন্দে অনুষ্ঠানে উপস্হিত প্রবাসী বাংলাদেশিরা তুমুল করতালিতে কোর্ট ইয়ার্ড মুখরিত করে তোলেন।
বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে কংগ্রেসম্যান জেফ ভ্যান ড্রিউর পক্ষে তাঁর প্রতিনিধি, নিউ জারসি রাজ্য সিনেটর ভিনসেন্ট পলিস্তিনা, এসেম্বলিম্যান ডন গার্ডিয়ান, ক্লারি এস সুইফট এর পক্ষে ডন গার্ডিয়ান আয়োজক সংগঠনের নেতৃবৃন্দের হাতে প্রোক্লেমেশন তুলে দেন। ডন গার্ডিয়ান প্রোক্লেমেশন পড়ে শোনান যাতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের কথা শ্রদ্ধাভরে উল্লেখ করেন এবং শেষ করেন প্রোক্লেমেশনে উল্লেখিত বাঙালির অহংকারের শ্লোগান ‘জয় বাংলা’ উচ্চারণ করে।
স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে মাননীয় সিটি মেয়র ছয়জন প্রবাসী বাংলাদেশিকে সম্মাননা প্রদান করেন। সম্মাননা প্রাপ্তরা হলেন কমিউনিটি ব্যক্তিত্ব আবদুর রফিক, জহিরুল ইসলাম বাবুল, জাকিরুল ইসলাম খোকা, মো: গিয়াসউদদীন, চতুর্থ ওয়ার্ড এর কাউন্সিলর মো: হোসাইন মোর্শেদ ও আটলান্টিক সিটি স্কুল বোর্ড সদ্স্য সুব্রত চৌধুরী। এছাড়া আয়োজক সংগঠনের পক্ষ থেকে মাননীয় মেয়রকে স্বাধীনতা দিবসের ‘সম্মাননা স্মারক’ প্রদান করা হয়।
অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের কবিতা পাঠ করেন লেখক সাংবাদিক সুব্রত চৌধুরী ও দেশের গান পরিবেশন করেন উওর আমেরিকার জনপ্রিয় সংগীত শিল্পী শীলা আজিজ।
উল্লেখ্য, আটলান্টিক সিটির ইতিহাসে এবারই প্রথমবারের মতো সিটি হলের (নগর ভবন) সামনের কোর্ট ইয়ার্ডে বাংলাদেশের স্বাধীনতা দিবস উদযাপিত হলো।



