মাগুরায় অভাব আর দেনার দায়ে ব্যবসায়ীর
মাগুরায় অভাব আর দেনার দায়ে সুমন মজুমদার (৩৫) নামে এক ফার্নিচার ব্যবসায়ী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার দুপুরে সদর উপজেলার নিজনান্দুয়ালী গ্রামে নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে।
সুমন ওই গ্রামের বাসিন্দা কানু মজুমদারের ছেলে। তিনি বাড়িতে কাঠের টেবিল-চেয়ার বানিয়ে হাটে-বাজারে বিক্রি করতেন।
প্রতিবেশীরা জানান, দুপুর দেড়টার দিকে সুমন মজুমদার বাইরে থেকে বাড়িতে ফিরে স্ত্রী অমিতাকে মোবাইল ফোন করে দুপুরের খাবারের কথা বলেন। কিন্তু সে সময় অমিতা বাড়ি থেকে দূরে অন্যের বাড়িতে রান্নার কাজে ব্যস্ত ছিলেন। তৎক্ষণাৎ অমিতা ফিরতে পারবে না জানালে ঘরের মধ্যে স্ত্রীর ওড়না দিয়ে গলায় ফাঁস নেন।
দুপুর আড়াইটার দিকে অমিতা বাড়ি ফিরে স্বামীকে ঘরে ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পান। পরে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অমিতা মজুমদার বলেন, গত দুই বছরে স্বামীর কাজ কমে এসেছে। এতে সংসারেও শুরু হয়েছে নানা অভাব। বিভিন্ন ব্যবসায়ীদের কাছে বেশকিছু দেনা হয়ে গেছে। এসব নিয়ে সংসারে অশান্তি চলছিল। অভাবের কারণে আমি নিজে অন্যের বাড়িতে কাজ করে সংসারে সহযোগিতা করছিলাম। কিন্তু শেষ পর্যন্ত আত্মহত্যা করবে এমনটি ভাবিনি।
মাগুরা সদর থানার ওসি নাসির উদ্দিন বলেন, এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। পাশাপাশি পরিবারটির সার্বিক খোঁজখবর নেওয়া হচ্ছে।



