
পুতিনের গ্রহণযোগ্যতা আগের চেয়ে বেড়েছে
ইউক্রেনে সেনা পাঠানোর নির্দেশ দেয়ার পর থেকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের গ্রহণযোগ্যতা আগের চেয়ে বেড়েছে। এক জরিপে দেখা গেছে, ইউক্রেনে যুদ্ধ শুরু করার আগে পুতিনের ওপর আস্থাশীল নাগরিকের পরিমাণ ছিল ৬৭ দশমিক ২ শতাংশ যা বর্তমানে ৮১ দশমিক ৬ শতাংশে উন্নীত হয়েছে। আজ শুক্রবার এ তথ্য জানিয়েছে দেশটির রাষ্ট্র-পরিচালিত জরিপকারী সংস্থা ভিটিএসআইওএম। খবর রয়টার্স।
সংস্থটি জানায়, জরিপে অংশগ্রহণকারীদের ৭৮ দশমিক ৯ শতাংশ পুতিনের কার্যক্রমকে অনুমোদন দিয়েছেন, যুদ্ধ শুরুর আগে যা ছিল ৬৪ দশমিক ৩ শতাংশ। যারা পুতিনের সামরিক পদক্ষেপকে অনুমোদন দেননি তাদের সংখ্যা ২৪ দশমিক ৪ শতাংশ থেকে ১২ দশমিক ৯ শতাংশে নেমে এসেছে।
ভিটিএসআইওএম জানিয়েছে, রাশিয়াজুড়ে প্রতিদিন এক হাজার ৬০০ জনকে নিয়ে সমীক্ষা করে থাকে সংস্থাটি। আগের সাত দিনের অংশগ্রহণকারীদের গড় নিয়ে সাপ্তাহিক সমীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। আজ প্রকাশিত ফলাফলটির তথ্য গত ২৮ মার্চ থেকে ৪ এপ্রিলের মধ্যে সংগ্রহ করা হয়েছে বলে জানিয়েছে এ জরিপকারী সংস্থা।
এর আগে প্রায় একই রকম তথ্য দিয়েছে স্বতন্ত্র জরিপকারী সংস্থা লেভাদা সেন্টার। গত ৩০ মার্চ সংস্থাটির প্রকাশিত জরিপ ফলাফলে দেখা গেছে পুতিনের সামরিক পদক্ষেপের গ্রহণযোগ্যতা ফেব্রুয়ারিতে ছিল ৭১ শতাংশ যা মার্চে বেড়ে ৮৩ শতাংশ হয়েছে।



