জাতিসংঘ

বাংলাদেশ জাতিসংঘের সামাজিক উন্নয়ন কমিশনের সদস্য নির্বাচিত

বাংলাদেশ সর্বসম্মতিক্রমে ২০২৩-২০২৭ মেয়াদে জাতিসংঘ সামাজিক উন্নয়ন কমিশন (সিসকডি) এর সদস্য নির্বাচিত হয়েছে। বুধবার রাতে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত ইকোসক ম্যানেজমেন্ট মিটিংয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। সামাজিক উন্নয়ন কমিশন (সিসকডি) জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কাউন্সিল (ইকোসক) এর একটি সহযোগী প্রতিষ্ঠান। সিসকডিতে বাংলাদেশ ছাড়া এশিয়া প্যাসিফিক অঞ্চল থেকে আরো নির্বাচিত হয়েছে ভারত ও সৌদি আরব।

সিসকডির এই নির্বাচনের পর জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত রাবাব ফাতিমা বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ দারিদ্র্য বিমোচন ও আর্থ-সামাজিক উন্নয়নে’ উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। এই নির্বাচন বাংলাদেশের অদম্য উন্নয়ন অগ্রযাত্রার আন্তর্জাতিক স্বীকৃতির বহিঃপ্রকাশ।

বাংলাদেশ সব সময়ই কমিশনের কাজকে অত্যন্ত গুরুত্ব দেয় উল্লেখ করে রাষ্ট্রদূত ফাতিমা বলেন, ‘কমিশনের সদস্য হিসাবে আমরা আমাদের উত্তম অনুশীলনগুলো ভাগ করে নিয়ে আর্থ-সামাজিক উন্নয়নের ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা আরো বৃদ্ধি করার সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণ করব। ‘

সামাজিক উন্নয়ন কমিশন জাতিসংঘের মূল সংস্থাসমূহের একটি যা ইকোসক-কে সামাজিক নীতিবিষয়ক পরামর্শ প্রদান করে এবং প্রধান সামাজিক উন্নয়ন বিষয়গুলোর ফলোআপ করে। কমিশনটি ৪৬ সদস্য নিয়ে গঠিত।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension