আন্তর্জাতিক

ইয়েমেনে ভয়াবহ মানবীয় বিপর্যয়

ইয়েমেনে খাদ্য সাহায্য নাটকীয় মাত্রায় কমিয়ে দেওয়ায় দেশটির এক কোটি ৯০ লাখেরও বেশি মানুষ এখন অনাহারে রয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি। জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়, ২০১৫ সালে দেশটির বিরুদ্ধে সৌদি নেতৃত্বাধীন জোটের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে আর কখনও এত বেশি সংখ্যক ইয়েমেনি অনাহারের শিকার হয়নি।

জাতিসংঘের মানবীয় তৎপরতা বিষয়ক সমন্বয় সংস্থা ওসিএইচএ জানিয়েছে, ইয়েমেনে ত্রাণ সাহায্যের বাজেট বা তহবিল কমিয়ে দেয়ার কারণে দেশটির এক লাখ ষাট হাজার ইয়েমেনি চরম খাদ্য সংকট বা দুর্ভিক্ষের মুখোমুখি হয়েছে।

অন্যদিকে ৫০ লাখ ইয়েমেনি তাদের দৈনিক প্রয়োজনের তুলনায় অর্ধেকেরও কম খাদ্য পাবে এখন থেকে এবং ৮০ লাখ ইয়েমেনি তাদের দৈনিক চাহিদার এক তৃতীয়াংশেরও কম খাদ্য পাবে এখন থেকে।

ওসিএইচএ জানিয়েছে, জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ ইয়েমেনে অপুষ্টির মারাত্মক শিকার ৫০ হাজারেরও বেশি শিশুর চিকিৎসা সেবা দেয়া বন্ধ করে দিতে পারে আসন্ন জুলাই মাস থেকে এবং জাতিসংঘ ইয়েমেনের মা ও শিশু বিষয়ক স্বাস্থ্য-সেবা কর্মসূচি বন্ধ করে দিবে যে সেবার আওতাধীন ছিল ২৫ লাখ ইয়েমেনি শিশু ও এক লাখ ইয়েমেনি মা।

জাতিসংঘের মানবীয় ত্রাণ ও সাহায্য-সংস্থাগুলো অর্থ বা বাজেটের অভাবে বেশ কিছুকাল আগ থেকেই ইয়েমেনে ত্রাণ ও খাদ্য সাহায্য পাঠানো কমিয়ে দিতে শুরু করে। গত ডিসেম্বর মাসে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি জানিয়েছিল তহবিলের অভাবে এই সংস্থা ইয়েমেনের ৮০ লাখ দরিদ্র মানুষকে খাদ্য সহায়তা দেয়ার মাত্রা কমিয়ে দিতে বাধ্য হয়েছে। সংস্থাটি ইয়েমেনের জন্য গত মাসেও আরও এক দফা খাদ্য সহায়তার মাত্রা কমিয়ে আনার কথা ঘোষণা করে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension