
১০০ মিটার স্প্রিন্টে নতুন চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্রের কার্লি
বিশ্ব এ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে এবার আলো ছড়ালেন মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্রেড কার্লি। প্রথম হয়ে স্বর্ণপদক জয়ের নজির গড়লেন তিনি। বাংলাদেশ সময় রবিবার সকালে অনুষ্ঠিত ট্র্যাক এ্যান্ড ফিল্ডের সবচেয়ে জনপ্রিয় এবং আকর্ষণীয় এই ইভেন্টে ৯.৮৬ সেকেন্ডে ফিনিশিং লাইন স্পর্শ করে প্রথম হন অলিম্পিকে রৌপ্যপদকজয়ী এই আমেরিকান স্প্রিন্টার। শুধু তাই নয়, দ্বিতীয় এবং তৃতীয় হয়ে যথাক্রমে রৌপ্য এবং ব্রোঞ্জপদক জয়ের কীর্তিও গড়েছে আমেরিকান স্প্রিন্টাররা। এর আগে ১৯৯১ সালে সর্বশেষ ১০০ মিটারে তিন পদকের সবকটিই নিজেদের করে নিয়েছিল তারা। এই নিয়ে মোট তিনবার এমন কীর্তি গড়েছে আমেরিকান স্প্রিন্টাররা। ১৯৮৩ সালে প্রথমবার বিরল এই রেকর্ড গড়েছিল আমেরিকানরা।
ট্র্যাক এ্যান্ড ফিল্ডের সবচেয়ে আকর্ষণীয় ইভেন্ট ১০০ মিটারে দীর্ঘদিন দ্রুততম মানব ছিলেন উসাইন বোল্ট। কিন্তু ২০১৭ সালে নিজেকে অমরত্বের পথে নিয়ে ট্র্যাক এ্যান্ড ফিল্ডকে বিদায় বলে দেন জ্যামাইকান কিংবদন্তি। মূলত, উসাইন বোল্ট অবসরে যাওয়ার পর থেকে ১০০ মিটার ইভেন্ট যেন গ্ল্যামার হারিয়ে ফেলেছে। যে ইভেন্টকে বলা হয় কুইন অফ ট্র্যাক এ্যান্ড ফিল্ড। সেখানেই এখন নেই কোনো বৈশ্বিক তারকা। গত বছর জাপানের টোকিও অলিম্পিকে অনেকটা বিস্ময়করভাবেই দ্রুততম মানব হয়ে যান ইতালির মার্সেল জ্যাকব। চলতি মৌসুমে অবশ্য উরুর ইনজুরিতে ভুগছেন ইতালিয়ান তারকা। যে কারণে শুক্রবার ১০০ মিটারের হিট শেষ করেন দুই নম্বরে থেকে। পরে ইনজুরির মাত্র বাড়ার কারণে শনিবার টুর্নামেন্ট থেকে নিজের নামই প্রত্যাহার করে নেন টোকিও অলিম্পিকের দ্রুততম মানব। এর ফলে খুব বেশি সাড়া ফেলতে পারেনি ১০০ মিটারের এই ইভেন্ট। বলা চলে, অনেকটা নিভৃতেই ওয়ার্ল্ড এ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপের ১০০ মিটার স্প্রিন্ট হয়ে গেল। আমেরিকার ওরিগনের ইউজিন শহরে অবশ্য সাক্ষী হলো নতুন চ্যাম্পিয়ন পাওয়ার। আমেরিকার স্প্রিন্টার ফ্রেড কার্লি বিশ্বরেকর্ড বা আসরের সেরা টাইমিংয়ের রেকর্ড কোনোটিই ভাঙতে পারেননি।
২০০৯ সালে বার্লিনের চ্যাম্পিয়নশিপে রেকর্ড গড়েছিলেন উসাইন বোল্ট। মাত্র ৯.৫৮ সেকেন্ডে ১০০ মিটার দৌড়ে যে বিশ্বরেকর্ড গড়েছিলেন তা এখনও অটুট। কার্লি এদিন সমাপ্তিরেখা স্পর্শ করতে সময় নিয়েছেন ৯.৮৬ সেকেন্ড। ৯.৮৮ সেকেন্ড নিয়ে দ্বিতীয় হয়ে রৌপ্য জিতেছেন তারই স্বদেশী মারভিন ব্রেসি। ব্রেসির মতো একই সময় নিয়ে তৃতীয় হয়েছেন আরেক আমেরিকান ট্রেভন ব্রোমেল। এর ফলে ১৯৯১ সালের পর প্রথমবার ১০০ মিটার বিশ্বচ্যাম্পিয়নশিপের প্রথম ৩ স্থানের সবকটিই দখল করলেন আমেরিকান স্প্রিন্টাররা। চ্যাম্পিয়ন হওয়ার পর দারুণ রোমাঞ্চিত ২৭ বছর বয়সী ফ্রেড কার্লি। তবে এমনটা যে হবে তিনি আগেই বলেছিলেন। প্রতিযোগিতার শেষে কার্লি বলেন, ‘আমরা এমনটা করবো তা আগেই বলেছিলাম এবং সেটা করেছি। এটা আমার কাছে অনেক কিছুই। আমি আজ যা করেছি তা খুব বেশি ৪০০ মিটার দৌড়বিদরা করতে পারেননি। তাই আমি মনে করি, আজ আমার জন্য অনেক দরজাই উন্মুক্ত হয়েছে। আমার ভবিষ্যত উজ্জ্বল।’ আজ হবে ২০০ মিটার। ফ্রেড কার্লির চোখ এখানেও স্বর্ণপদক জেতা। কোচ অনুমতি দিলে এরপর ৪ গুণিতক ১০০ এবং ৪ গুণিতক ৪০০ মিটার রিলেতেও প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি।
এদিকে, রৌপ্যজয়ী ব্রেসি বলেন, ‘কিংবদন্তির তালিকায় জায়গা করে নেওয়াটা সত্যিই অসাধারণ এক ব্যাপার। কার্ল লুইস, লেরয় বুরেল এবং ডেনিস মিচেলরা এই কীর্তি গড়েছিল ১৯৯১ সালে। আমরা তা করেছি ২০২২ সালে। এটা এমন এক ইতিহাস যা কেবলমাত্র তিনবার হয়েছে।’ গত আসরের চ্যাম্পিয়ন ক্রিস্টিয়ান কোলম্যান এবার ষষ্ঠ হয়েছেন। চতুর্থ স্থানে থেকে প্রতিযোগিতা শেষ করেছেন জ্যামাইকার ওবলিক সেভিলে। তিনি সময় নেন ৯.৯৭ সেকেন্ড। পঞ্চম হয়েছেন দক্ষিণ আফ্রিকার একানি সিম্বিন। কোলম্যানের মতো তিনিও সময় নিয়েছেন ১০.০১ সেকেন্ড।



