
বিকেল ঘুড়ির বাঁধনহারা গতি
হাতের সুতোয় টান পড়েছে যত
সেও তেমন চায়নি ফিরে পিছু
নিয়ম মাফিক বাড়িয়ে গেছে ক্ষত।
ভোরের চিঠির বদলে গেছে পথ
প্রযত্নে আজ অনেকগুলো নাম,
সত্যি তাতে কার কিবা যায় আসে
আরেকটুকু বাড়লে অভিমান।
তুমুল ঝড়ে উঠোন এলোমেলো
দিকদিশাহীন সন্ধ্যে থেকে রাত,
কলম কালি আঁকছে অভিমান
হয়তো তাকেই ছোঁয়ার অজুহাত।
রুদ্ধদ্বারে চলছে করাঘাত
মন পাহারায় বদ্ধপরিকর,
উতল হাওয়ায় আলগা হলো দ্বার
মধ্যরাতের বৃষ্টিপাতের পর।



