
মায়ের সামনে ছেলেকে কুপিয়ে হত্যা
টাকা নিয়ে বচসার জেরে মায়ের চোখের সামনেই ২২ বছরের ছেলেকে উপর্যুপরি কুপিয়ে হত্যা করা হয়েছে। সোমবার রাতে পশ্চিমবঙ্গের কলকাতার ইকবালপুরে এ ঘটনা ঘটেছে। মর্মান্তিক হত্যাকাণ্ডের শিকার ওই তরুণের নাম সন্দীপ পুন। জানা গেছে, সোমবার সন্ধ্যার দিকে সন্দীপের সঙ্গে পাড়ার সাত থেকে আটজন যুবকের সঙ্গে টাকা সংক্রান্ত লেনদেন হয়। এরপর গণ্ডগোল শুরু হয়।
সন্দীপের মা বিনা পুন বলেন, তার ছেলেকে সাত থেকে আট জন এসে প্রথমে পিঠে ব্লেড মারে। তখন তিনি ছেলেকে বাঁচাতে যান। এরপর সন্দীপকে নিয়ে বাড়িতে ঢুকে যান তিনি। তারপরও ওই যুবকরা সন্দীপের বাড়ির সামনে একটি আবাসনে লুকিয়েছিল। পরে সন্দীপ ও তার মা আবার বের হর। তখন সন্দীপের ওপর চড়াও হয় ওই যুবকরা। ধারালো অস্ত্র দিয়ে মায়ের সামনেই তাকে খুন করা হয়। খবর টিভি নাইন বাংলার।
এরপর অসহায় মা ছেলেকে উদ্ধার করে রক্তাক্ত অবস্থায় বাড়িতে নিয়ে যান। প্রতিবেশীদের সহযোগিতায় হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। এ ঘটনার পর পালিয়ে গেছে অভিযুক্তরা। ইতোমধ্যে একবালপুর থানার পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। বাকিদের খোঁজ চালানোর পাশাপাশি খুনের আসল কারণ কী খুঁজে বের করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
বিনা পুন বলেন, পয়সা নিয়ে ঝামেলা শুরু। আমার ছেলে কম পয়সায় কাজ করত। সেই কারণে গণ্ডগোল শুরু হয়। এরপর ঠাণ্ডা পানীয় খাবে বলে আমি আর ছেলে বের হই। তখনই ওরা চড়াও হয়। প্রথমে ব্লেড মারে। এরপর বাড়িতে ঢুকি। পরে আবার বের হতেই গলির মোড়ে লুকিয়ে ছিল ওরা। এমন মেরেছে ওর পেটের নাড়িভুড়ি বেরিয়ে গেছে।



