
আদালতের নির্দেশে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে ভারতের ‘টুইন টাওয়ার’
আদালতের নির্দেশে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে ভারতের ৩২তলার বহুল আলোচিত অট্টালিকা টুইন টাওয়ার।
ভারতের নয়ডার এই যমজ অট্টালিকা শুরু থেকেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে ছিল। এটি বেআইনিভাবে নির্মাণ করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছিল।
যা শেষ পর্যন্ত গড়িয়েছিল আদালতে। অবশেষে এ বছর ১২ আগস্ট সুপ্রিম কোর্ট নির্দেশ দেন, ২৮ আগস্ট ভেঙে ফেলতে হবে এই বহুতল ভবন।
সর্বোচ্চ আদালতের নির্দেশ মেনেই রোববার ভেঙে ফেলা হচ্ছে এই অট্টালিকার। যার দিকে চোখ রয়েছে গোটা ভারতের।
দুপুরে গুঁড়িয়ে দেওয়া হবে এটি। কুতুব মিনারের থেকেও উঁচু এই বহুতল ভাঙা ঘিরে নয়ডায় শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে।
দুপুর আড়াইটার দিকে অট্টালিকা ধ্বংসের প্রক্রিয়া শুরু হবে। ৩ হাজার ৭০০ কেজি বিস্ফোরক দিয়ে মাত্র ৯ সেকেন্ডে গুঁড়িয়ে ফেলা হবে এই বহুতল ভবন।
টুইট টাওয়ার ভাঙার আগে আশপাশের বাসিন্দাদের জন্য বিশেষ সতর্কতামূলক পদক্ষেপ করা হয়েছে। অট্টালিকা সংলগ্ন বাসিন্দাদের বাড়ির দরজা-জানলা বন্ধ রাখতে বলা হয়েছে। বহুতল ভাঙার সময় বাড়ির ছাদে যেতে নিষেধ করা হয়েছে।
আগামী ৩১ অগস্ট পর্যন্ত শহরে ড্রোন ওড়ানোয় নিষেধাজ্ঞা জারি করেছে নয়ডা পুলিশ।
এটি ধ্বংসের সময় তার এক নটিক্যাল মাইলের (১.৮ কিলোমিটার) মধ্যে কোনো বিমান উড়বে না— এমন নির্দেশিকা জারি করেছে নয়ডা প্রশাসন।
ধ্বংসের জেরে ধুলোর আস্তরণ পড়তে পারে, তাই দমকল বাহিনী রাখা হচ্ছে। আপৎকালীন পরিস্থিতির কথা মাথায় রেখে রাখা হচ্ছে অ্যাম্বুল্যান্সও।



