জাতিসংঘপ্রবাস

জাতিসংঘ পুলিশ প্রধানের সাথে বেনজির আহমেদের বৈঠক

জাতিসংঘ পুলিশ প্রধান লুইস লিবেরিও কারিলহো (Luis Riberio Carrilho) এর সাথে বৈঠক করেছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক-আইজিপি ড. বেনজীর আহমেদ। শুক্রবার দুপুরে জাতিসংঘ সদরদপ্তরে দ্বিপাক্ষিক এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে আইজিপি বেনজীর আহমেদ বলেন, যে কোনো সময় জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমের প্রয়োজনে সাড়া দিতে বাংলাদেশ পুলিশ সবসময় প্রস্তুত। বিশেষ করে আফ্রিকার ঝুঁকিপূর্ণ শান্তিরক্ষা কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে বাংলাদেশ পুলিশের দক্ষ ও পেশাদারী বিশেষায়িত ইউনিট মোতায়েনের অনুরোধ জানান জাতিসংঘ পুলিশ প্রধানের কাছে।

তিনি বাংলাদেশের বিশেষায়িত ইউনিট সোয়াট, ক্যানাইন, রিভারাইন ও গার্ড পুলিশ এবং ফরেনসিক ইউনিটসহ বিভিন্ন ইউনিটের প্রশিক্ষন এবং সক্ষমতা উল্লেখ করে শান্তিরক্ষা কার্যক্রমে মোতায়েনের অনুরোধ জানান। জাতিসংঘ পুলিশের বিভিন্ন কর্মসূচি ও প্রশিক্ষণ আয়োজনের ক্ষেত্রে বাংলাদেশের সক্ষমতার কথাও তুলে ধরে জাতিসংঘ সদরদপ্তর এবং শান্তিরক্ষা কার্যক্রমের মাঠ পর্যায়ে উচ্চপদে বাংলাদেশী পুলিশ কর্মকর্তাদের নিয়োগের আহবান জানান।

বৈঠকে শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের নারী পুলিশ সদস্য মোতায়েন নারীর ক্ষমতায়ন ও লিঙ্গ সমতা প্রতিষ্ঠায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে উল্লেখ করেন জাতিসংঘ পুলিশ প্রধান।শান্তিরক্ষায় বাংলাদেশ পুলিশ বাহিনীর অবদানের স্বীকৃতি এবং পুলিশ সদস্যদের পেশাদারিত্ব ও কর্মনিষ্ঠার ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশ অন্যতম প্রধান পুলিশ সদস্য প্রেরণকারী দেশ।

পূর্ব তিমুর এবং হাইতিতে পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালনকালে বাংলাদেশ পুলিশ সদস্যদের যে উচ্চ পেশাদারিত্ব ও দায়িত্ববোধ তিনি দেখেছেন তা উল্লেখ করে জাতিসংঘ পুলিশ প্রধান মালি ও ডিআর কঙ্গোতে কর্তব্যরত বাংলাদেশী পুলিশ সদস্যদের পেশাদারিত্বেরও প্রশংসা করেন তিনি।

বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এসডিজি বাস্তবায়ন, জলবায়ু পরিবর্তন, নারীর ক্ষমতায়ন, মানবাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠা ইত্যাদি ক্ষেত্রে বাংলাদেশ পুলিশের তাৎপর্যপূর্ণ অবদানের কথা তুলে ধরেন আইজিপি বেনজির আহমেদ। জাতিসংঘের শান্তি পদক্ষেপ ও বৈশ্বিক সহযোগিতার বিষয়ে প্রধানমন্ত্রীর বিশেষ গুরুত্বের কথা উল্লেখ করে জাতিসংঘ শান্তিরক্ষায় বাংলাদেশ পুলিশের সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি পূনর্ব্যক্ত করেন তিনি।

জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশ পুলিশ আগামী দিনগুলোতেও সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত রাখবে সেই প্রত্যাশা ব্যক্ত করেন জাতিসংঘ পুলিশ প্রধান।

আন্তরিকতাপূর্ণ এ বৈঠকে পারস্পারিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় ছাড়াও শান্তিরক্ষা মিশনের জন্য বাংলাদেশ পুলিশ বাহিনী থেকে প্রয়োজনীয় সরঞ্জামাদি সরবরাহের বিষয়ও আলোচনা হয়।

বৈঠকে জাতিসংঘ বাংলাদেশ স্থায়ী মিশনের সামরিক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল মো: সাদেকুজ্জামান ও পুলিশ সদরদপ্তরের ওভারসিজ এন্ড ইউএন অপারেশন শাখার অতিরিক্ত ডিআইজি নাসিয়ান ওয়াজেদ উপস্থিত ছিলেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension