
শীতকালীন ঝড়ের আঘাত, যুক্তরাষ্ট্রে ৪,৪০০ ফ্লাইট বাতিল
যুক্তরাষ্ট্রে শীতকালীন শক্তিশালী ঝড় আঘাত হানায় দুই দিনে চার হাজার ৪০০টির বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। দেশটিতে বড়দিনকে সামনে রেখে ছুটির মৌসুম শুরু হচ্ছে। ধারণা করা হচ্ছিল, এই সময়টায় আকাশপথে ব্যস্ত ভ্রমণ সূচি থাকতে পারে। এরই মধ্যে এই ফ্লাইট বাতিলের এ ঘটনা ঘটল।
আজ শুক্রবার বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটঅ্যাওয়ারের বরাতে রয়টার্স জানিয়েছে, দেশটিতে শুধু বৃহস্পতিবারই ২,৩৫০টির বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। আর শুক্রবার বাতিল করা হয়েছে ২,১২০টি ফ্লাইট।
এ ছাড়া বৃহস্পতিবার আরও আট হাজার ৪৫০টি ফ্লাইট বিলম্বে গন্তব্যের উদ্দেশে ছেড়েছে। এর মধ্যে এক তৃতীয়াংশ আমেরিকান এয়ারলাইনস, ইউনাইটেড এয়ারলাইনস ও সাউথওয়েস্ট এয়ারলাইনসের ফ্লাইট ছিল।
গতকাল বৃহস্পতিবার বাতিল হওয়া ফ্লাইটের মধ্যে সাউথওয়েস্টের ৮৬৫টি ফ্লাইট ছিল, যা বিমান পরিষেবা সংস্থাটির শিডিউলকৃত মোট ফ্লাইটের এক পঞ্চমাংশ। আর শুক্রবার বাতিল হওয়া ফ্লাইটের মধ্যে সংস্থাটির ৫৫০টি ফ্লাইট রয়েছে।
এ ছাড়া বাতিল হওয়া ফ্লাইটের মধ্যে ডেল্টা এয়ারলাইনসের ফ্লাইটও রয়েছে। এর মধ্যে বৃহস্পতিবার সংস্থাটির ১৪০টি ফ্লাইট এবং শুক্রবার ৯০টি ফ্লাইট বাতিল হয়েছে।
বৃহস্পতিবার ফেডারেল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ বলেছে, শীতকালীন ঝড়টি যুক্তরাষ্ট্রের মধ্যপশ্চিমে তুষারঝড়ের পরিস্থিতি সৃষ্টি করেছে। এতে করে শিকাগো, ডেট্রয়েট ও মিনিয়াপলিস-সেন্ট পলে ভ্রমণে বড় ধরনের ব্যাঘাত হবে বলে আশঙ্কা করা হচ্ছে।
যুক্তরাষ্ট্রের বিমান পরিষেবা সংস্থাগুলো চলতি সপ্তাহের শুরুতে বলেছিল, তারা ক্ষতিগ্রস্ত এলাকায় ফ্লাইট পরিবর্তনের জন্য যাত্রীদের কাছ থেকে ফি এবং বাড়তি ভাড়া মওকুফ করছে।
অন্যদিকে দেশটির রেলপথে যাত্রী সেবা দেওয়া অ্যামট্র্যাক ক্রিসমাসের আগে-পরে কয়েক ডজন ট্রেন যাত্রা বাতিল করেছে। এতে করে হাজার হাজার ভ্রমণকারীর ছুটির যাত্রা বিঘ্নিত হচ্ছে।



