বন্ধ হয়ে গেল যুক্তরাষ্ট্রের সিগনেচার ব্যাংক
যুক্তরাষ্ট্রের ব্যাংকিং খাতে মারাত্মক অস্থিরতার মধ্যে এবার আরেকটি ব্যাংক বন্ধ করে দেয়া হয়েছে। আস্থার সংকটে ভুগতে থাকা নিউ ইয়র্কভিত্তিক সিগনেচার ব্যাংক স্থানীয় সময় রোববার বন্ধ করে দিয়েছে নিয়ন্ত্রক কর্তৃপক্ষ। দুদিন আগে গত শুক্রবারই যুক্তরাষ্ট্রে স্টার্টআপ ব্যবসায় শীর্ষ ঋণদাতা প্রতিষ্ঠান সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিবি) বন্ধ করে দেয়া হয়। খবর রয়টার্স ও সিএনবিসির।
ক্রিপ্টো ইন্ডাস্ট্রির অন্যতম শীর্ষ ঋণদাতা সিগনেচার ব্যাংকের নিয়ন্ত্রণ নিয়েছে ফেডারেল ডিপোজিট ইন্সুরেন্স করপোরেশন (এফডিআইসি)। নিউইয়র্কের আর্থিক সেবা দপ্তরের তথ্যমতে, গত বছরের শেষান্তে সিগনেচার ব্যাংকের ১১০ দশমিক ৩৬ বিলিয়ন ডলার সম্পদ এবং ৮৮ দশমিক ৫৯ বিলিয়ন ডলার আমানত (ডিপোজিট) ছিল।
সিগনেচার ব্যাংকের এই পরিণতি সম্পর্কে বলা হচ্ছে, বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতার কারণে ক্রিপ্টো ব্যাংকিং (ডিজিটাল বা ভার্চুয়াল) মারাত্মক চাপে পড়লে ঝুঁকিতে পড়ে যায় সিগনেচার ব্যাংক। এর মধ্যে প্রতিষ্ঠানটির ডিজিটাল সম্পদের প্রকাশে নিয়ন্ত্রক কর্তৃপক্ষ তৎপর হলে তাদের বিপদ আরও বাড়ে।
সংবাদমাধ্যম বলছে, সিলিকন ভ্যালি ব্যাংকের মতো ধুঁকতে থাকা সিগনেচার ব্যাংকের কর্তৃপক্ষ সংকটের সমাধানে নতুন ক্রেতার সন্ধানে নামে। চেষ্টা করে অন্য উপায়ও খুঁজে বের করার। কিন্তু এতে তারা ব্যর্থ হয়। ফলে আতঙ্কিত আমানতকারীরা ব্যাংকটি থেকে তাদের অর্থ তুলে নিতে থাকেন।
কংগ্রেসের সাবেক সদস্য ও সিগনেচার ব্যাংকের পর্ষদ সদস্য বার্নি ফ্র্যাংক জানান, আতঙ্কিত হয়ে গত শুক্রবার সিগনেচার ব্যাংক থেকে বিলিয়ন ডলার তুলে নেন আমানতকারীরা। এতে সংকট আরও ঘনীভূত হয়।
শেষ পর্যন্ত এটিকে বন্ধ ঘোষণার পর যুক্তরাষ্ট্রের রাজস্ব দপ্তর ও ব্যাংক নিয়ন্ত্রক সংস্থা যৌথ বিবৃতিতে বলেছে, ‘সিলিকন ভ্যালি ও সিগনেচার ব্যাংকের সব আমানতকারী তাদের সব অর্থ ফেরত পাবেন, তবে ট্যাক্সদাতাদের এই ক্ষতির ভার বহন করতে হবে না।’
প্রকাশিত খবর অনুসারে, ২০০৮ সালের পর এবারই সবচেয়ে বড় ধসের কবলে পড়ল মার্কিন ব্যাংকিং খাত। এর আগে ২০০৮ সালে কয়েকটি ব্যাংক বন্ধ হয়ে যায়। ওই বছরের ২৫ অক্টোবর ব্যাংকিং কোম্পানি ওয়াশিংটন মিউচুয়াল বন্ধ করে দেয়া হয়। তখন এর সম্পদমূল্য ছিল ৩০৭ বিলিয়ন ডলার। তার আগে ওই বছরের আগস্টে ইন্ডি ম্যাক নামে আরও একটি ব্যাংকিং কোম্পানি বন্ধ হয়ে গিয়েছিল।



