
যুক্তরাজ্যের বার্জেস হিলে কাউন্সিলর নির্বাচিত হলেন মোহাম্মদ হোসেন
যুক্তরাজ্যের বার্জেস হিল টাউন কাউন্সিল থেকে কাউন্সিলর হিসেবে নির্বাচিত হয়েছেন লেখক ও কথাসাহিত্যিক মোহাম্মদ হোসেন।
মোহাম্মদ হোসেন গত ৪ মে স্থানীয় নির্বাচনে অংশ নিয়ে লিবারেল ডেমোক্রেটিক পার্টি থেকে বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেন। মোহাম্মদ হোসেনের প্রাপ্ত ভোট ৭০৩। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সরকার দলীয় কনজারভেটিভ পার্টির প্রার্থী পেয়েছেন ৩৫৮ ভোট।
লেখক ও কথাসাহিত্যিক হিসেবে মোহাম্মদ হোসেন বাংলাদেশ ও যুক্তরাজ্যে সমাদৃত। ইতমধ্যে তার ১৬টি গ্রন্থ প্রকাশিত হয়েছে। তার বই একাধিকবার একুশে বইমেলায় বেস্ট সেলারের তালিকায় ছিল।
মোহাম্মদ হোসেনের জন্ম সুনামগঞ্জ শহরতলির বুরিস্থল গ্রামে। বেড়ে ওঠা সুনামগঞ্জ শহরে। সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়, সুনামগঞ্জ সরকারি কলেজ হয়ে চট্টগ্রাম কমার্স কলেজ থেকে পড়াশোনা শেষ করে তিনি চাকরি জীবন শুরু করেন। ছাত্রজীবনে চট্টগ্রাম সরকারি কমার্স কলেজের ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হয়েছিলেন।
বর্তমানে মোহাম্মদ হোসেন লেখালেখির পাশাপাশি সমাজকল্যাণমূলক কাজের সঙ্গে সংযুক্ত রয়েছেন। তার অন্যতম সেরা উদ্যোগ সুদ ও ফি বিহীন ঋণ কার্যক্রম ‘যা নিবা, তা দিবা’। তিনি ১৯৯৯ সালে ব্রিটেনে স্থায়ীভাবে পাড়ি জমান। নিজের ব্যবসা পরিচালনার পাশাপাশি তিনি যুক্তরাজ্যের রাজনীতিতে যুক্ত হন।
মোহাম্মদ হোসেন বলেন, দীর্ঘদিন স্থানীয় রাজনীতির সঙ্গে যুক্ত থাকায় স্থানীয় মানুষদের ভালোবাসা পেয়েছি। আমি তাদের জন্য কাজ করে যাব নিয়মিত।



