
বাজেটের আগেই এসেছে বিপুল গাড়ি
আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেটে গাড়ি আমদানিতে শুল্কহার আরো বাড়বে—এমন আভাস পেয়ে বেশ আগেভাগেই বিপুল পরিমাণ গাড়ি আমদানি করেছেন ব্যবসায়ীরা। সদ্যঃসমাপ্ত মে মাসে এই অর্থবছরের মধ্যে রেকর্ড পরিমাণ (২৬৪১টি) গাড়ি দেশের দুই সমুদ্রবন্দরে এসে পৌঁছেছে। দেশে এমন একসময় গাড়ি আমদানির রেকর্ড হয়েছে, যখন দেশের আমদানিকারকরা ভোগ্য পণ্যের মতো জরুরি পণ্য আমদানিতে ঋণপত্র খুলতে ব্যাংকে ধরনা দিয়েও ফেরত আসছেন। নিত্যপণ্যের ঋণপত্র খুলতে মন্ত্রণালয়ের হস্তক্ষেপ করতে হচ্ছে, ডলার সরবরাহ নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংককে তদারকি করতে হচ্ছে।
কিন্তু এরই মধ্যে হাজার কোটি টাকার গাড়ি আমদানির সুযোগ পেয়ে গেছেন কিছু ব্যবসায়ী। আর এই খাতেই বিপুল পরিমাণ ডলার পরিশোধ করা হয়েছে।
মূলত নতুন বাজেটের শুল্কহার এড়াতে জাতীয় সংসদে বাজেট প্রস্তাব পেশের আগেই বাংলাদেশের জলসীমায় পৌঁছাতে হয় গাড়ির জাহাজ। এবার সর্বশেষ গাড়ির জাহাজটি এসেছে ১৮ মে।
ফলে সব গাড়ি আগের হারেই শুল্কায়ন নিশ্চিত করেছেন ব্যবসায়ীরা। ধারণা করা হচ্ছে, ব্যবসায়ীরা শুল্কহার বাড়ার খবরটি আগেভাগেই জেনেছেন।
তবে বিষয়টি নাকচ করে দিয়ে বারভিডার সাবেক সভাপতি আবদুল হক বলেন, ‘এটা আসলে আগে জানার সুযোগ নেই। এমনিতেই গাড়ি আমদানি অনেক কম।
সীমিতভাবে গাড়ি আমদানির যাঁরা সুযোগ পেয়েছেন সেই গাড়িগুলোই দেশে এসেছে। আমদানি হওয়া গাড়ির মধ্যে দুই হাজার সিসির কম এমন গাড়ির সংখ্যাই ৯৫ শতাংশ। এই গাড়ির চাহিদা কিন্তু দেশে আছে। ঋণপত্র খোলা তো সহজ নয়।’
রাজস্ব বোর্ডের হিসাবে, চলতি ২০২২-২৩ অর্থবছরের জুলাই থেকে মে এই ১১ মাসে সাড়ে ১৭ হাজার গাড়ি আমদানি হয়েছে।
বেশির ভাগ গাড়ি আমদানি হয়েছে গত তিন মাসেই। এর মধ্যে মে মাসে গাড়ি আমদানি সবচেয়ে বেশি হয়েছে। স্বাভাবিক সময়ে মোংলা বন্দরেই সবচেয়ে বেশি গাড়ি আমদানি হতো। এবার চট্টগ্রাম বন্দরেও গাড়ি আমদানিতে রেকর্ড গড়েছে। চট্টগ্রাম বন্দরে মে মাসেই দেড় হাজার গাড়ি আমদানি হয়েছে। গাড়ি আমদানিকারক ফোর হুইলার্সের কর্ণধার হাবিবুর রহমান বলেন, ‘শুধু ডলারের দাম বৃদ্ধির কারণে একটি প্রিমিও গাড়ির দাম ২০ লাখ টাকা থেকে ২৪ লাখ টাকা হয়েছে। ডলারের এই বিনিময়মূল্য বৃদ্ধির বিষয়টি সামলাতে আমরা গাড়ি আমদানিতে শুল্ক ছাড়ের প্রস্তাব দিয়েছিলাম। যদি সেই শুল্ক ছাড় দেওয়া না হয় তাহলে গাড়ি কেনা ক্রয়ক্ষমতার বাইরে চলে যাবে। আর আমাদের ব্যবসা করতে হবে না।’
গত তিন মাসে আসা গাড়ির (আইজিএম) যাচাই করে দেখা গেছে, ১০-১২ জন গাড়ি ব্যবসায়ী ৯০ শতাংশ গাড়ির আমদানিকারক। মূলত বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের মালিকানায় আছেন, বাণিজ্যিক ব্যাংকের শীর্ষ কর্তাদের সঙ্গে আন্তরিক সম্পর্ক বা আত্মীয়তা আছে—এই দুই ক্যাটাগরির ব্যবসায়ীরাই কেবল গাড়ি আমদানির ঋণপত্র খোলার সুযোগ পেয়েছেন। এর বাইরে ছোট ব্যবসায়ীদের মধ্যে যাঁরা বাণিজ্যিক ব্যাংকে বড় অঙ্কের ডিপোজিট বা এফডিআর দিতে পেরেছেন তাঁরাও গাড়ি আমদানির সুযোগ পেয়েছেন। অথচ শতভাগ মার্জিন দিয়েও ভোগ্য পণ্য আমদানিকারকরা ব্যাংকে ধরনা দিচ্ছেন কিন্তু ঋণপত্র খোলার সুযোগ পাচ্ছেন না।
গাড়ি ব্যবসায়ী হাবিবুর রহমান বলেন, ‘এত কড়াকড়ির মধ্যে গাড়ি আমদানির সুযোগ আমি পাইনি। আমি নিজে দুটি অ্যাকাউন্ট থেকে গত ছয় মাসে একটি ঋণপত্র খুলতে পারিনি। আমার মতো সাধারণ ব্যবসায়ীরাও সেটি পারেননি। যাঁরা ঋণপত্র খোলার সুযোগ পেয়েছেন তাঁরা হয়তো অতিসামর্থ্যবান।
চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম মনে করেন, বিলাসবহুল পণ্য আমদানি নিয়ন্ত্রণ করে জরুরি ও নিত্যপণ্য আমদানি করতে সরকার আগেই সার্কুলার দিয়েছে। কিন্তু এত কড়াকড়ির মধ্যে কিভাবে এত গাড়ি আমদানি হলো তাও খতিয়ে দেখা দরকার।
তিনি বলেছেন, ‘গাড়ি ব্যবসায়ীরাও ব্যবসা করবেন। কিন্তু জাতীয় স্বার্থে আমাদের তো অগ্রাধিকার ঠিক করতে হবে। খাদ্যপণ্য আগে দরকার নাকি গাড়ি। গাড়ি আমরা ছয় মাস এক বছর পরও আমদানি করতে পারি, কিন্তু ভোগ্য পণ্য, বিদ্যুতের জন্য কয়লা আমদানি, গ্যাস আমদানি, শিল্পকারখানা সচল রাখতে কাঁচামাল আমদানি আগে করতে হবে। সংকটের সময় বিলাসবহুল গাড়ি আমদানি করা কোনো মতে উচিত হবে না।’



