প্রধান খবরযুক্তরাষ্ট্র

ব্রিটেনে ৫ লাখ পাউন্ড জরিমানার মুখে ফেসবুক

রূপসী বাংলা ডেস্ক:ব্রিটেনের তথ্য অধিকার সংরক্ষণ বিষয়ক সংস্থা ফেসবুককে পাঁচ লাখ পাউন্ড জরিমানার পরিকল্পনা করছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫ কোটি ৫৭ লাখ ৫০ হাজার টাকা।

ক্যামব্রিজ অ্যানালিটিকা কেলেঙ্কারির জের ধরে এই জরিমানার কথা ভাবছে ব্রিটেনের তথ্য কমিশনারের অফিস। ব্রিটেনে এটাই হবে এ ধরণের সবচেয়ে বড় অংকের জরিমানা।
তবে ফেসবুক কর্তৃপক্ষ এ জরিমানার অংক কমানোর চেষ্টা করবে কি-না সে বিষয়ে এখনও কিছু বলেনি।

ক্যামব্রিজ অ্যানালিটিকার বিরুদ্ধে অভিযোগ ছিল রাজনৈতিক দলের ব্যবহারের জন্য তারা অনৈতিকভাবে কোটি কোটি ফেসবুক ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য সরবরাহ করেছিল।
ফলে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন এবং ইউরোপিয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বেরিয়ে আসার বিষয়ে গণভোটের ফলাফল প্রভাবিত হয়েছিল বলে অভিযোগ রয়েছে।

তথ্য অধিকার সংরক্ষণ বিষয়ক সংস্থাটি আরো জানিয়েছে, আর্থিক জরিমানার পাশাপাশি বিলুপ্ত হওয়া ক্যামব্রিজ অ্যানালিটিকার সহযোগী সংস্থা এসসিএল ইলেকশনের বিরুদ্ধে ফৌজদারি মামলা করার কথাও ভাবছে।

ফেসবুক ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য কিভাবে হুমকির মুখে পড়তে পারে সে সংক্রান্ত কোনও ব্যাখ্যা ফেসবুক কর্তৃপক্ষ তাদের ব্যবহারকারীদের কাছে ব্যাখ্যা করেনি। এর পাশাপাশি সংস্থাটি ব্রিটেনের ১১টি রাজনৈতিক দলের কাছে চিঠি দিয়েছে, যাতে তারা তাদের তথ্য যথাযথভাবে সংরক্ষণ করে এবং সেটি ঠিকমতো হচ্ছে কি-না তা নিরীক্ষা করে।

ব্রিটেনে ব্রেক্সিট প্রশ্নে গণভোটের সময় রাজনৈতিক প্রচারণায় জনগণের ব্যক্তিগত তথ্য ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। এ বিষটি নিয়ে এখনও তদন্ত চলছে। এ তদন্ত শুরুর ১৬ মাস পরে ব্রিটেনের তথ্য কমিশনারের অফিস থেকে ফেসবুককে জরিমানার উদ্যোগ এসেছে।

যুক্তরাজ্যভিত্তিক রাজনৈতিক পরামর্শক প্রতিষ্ঠান ক্যামব্রিজ অ্যানালিটিকার কাছে ফেসবুক ব্যবহারকারীদের যেসব ব্যক্তিগত তথ্য ছিল সেগুলো যাতে তারা মুছে ফেলে সেটি ফেসবুক নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। এতে ফেসবুকের নিয়ম-নীতির লঙ্ঘন হয়েছে বলে মনে করে তথ্য কমিশনারের অফিস।

তবে বন্ধ হয়ে যাওয়ার আগে ক্যামব্রিজ অ্যানালিটিকা জানিয়েছিল, ফেসবুকের কাছ থেকে তথ্য মুছে ফেলার অনুরোধ পাওয়ার পর তারা সব তথ্য মুছে ফেলেছে। কিন্তু তথ্য কমিশনার অফিস বলছে, সেসব তথ্য যে অন্যদের দেওয়া হয়েছে সে সংক্রান্ত প্রমাণ তাদের হাতে রয়েছে।

প্রসঙ্গত, তীব্র বিতর্কের মুখে গত মে মাসে ক্যামব্রিজ অ্যানালিটিকা প্রতিষ্ঠানটি বন্ধ করে দেওয়ার ঘোষণা দেওয়া হয়। এর আগে গত এপ্রিল মাসে মার্কিন কংগ্রেসের উচ্চ-কক্ষে বিচার ও বাণিজ্য বিষয়ক যৌথ কমিটির ৪৪ জন সিনেটরের মুখোমুখি হন মার্ক জাকারবার্গ।

অভিযোগ রয়েছে, ডোনাল্ড ট্রাম্পের প্রচারণা দলের সঙ্গে যুক্ত যুক্তরাজ্যভিত্তিক রাজনৈতিক পরামর্শক প্রতিষ্ঠান ক্যামব্রিজ অ্যানালিটিকা প্রায় ৫ কোটি ফেসবুক ব্যবহারকারীর তথ্য সংগ্রহ করেছে। যদিও ফেসবুক কর্তৃপক্ষ পরে মোট ৮ কোটি ৭০ লাভ গ্রাহকের তথ্য চুরির খবর নিশ্চিত করে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension