
আটলান্টিক সিটি প্রতিনিধি: নিউ জার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটির প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে দুই প্রবাসী কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। গত ৩ জুলাই এই সংবর্ধনার আয়োজন করা হয়।
সংবর্ধিত দুই কৃতি শিক্ষার্থীর একজন এনিশা দাশগুপ্ত। তিনি আটলান্টিক সিটি হাই স্কুলের দ্বাদশ শ্রেনির চূড়ান্ত পরীক্ষার মেধা তালিকায় দ্বিতীয় স্থান লাভ করেছেন। অন্যজন পুস্পিতা পাল মেধা তালিকায় ষষ্ঠ স্থান অধিকার করেছেন।
এদিন সন্ধ্যায় আটলান্টিক সিটির পেনরোজ এভিনিউয়ের ভেন্যুতে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানের বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল সুধী সমাবেশ, কথামালা ও ক্রেস্ট বিতরণ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন আটলান্টিক সিটির পঞ্চম ওয়ার্ডের কাউন্সিলম্যান এম আনজুম জিয়া। সাংবাদিক সুব্রত চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন এম আনজুম জিয়া, পপি দাশগুপ্ত, ধীমান পাল প্রমুখ। কৃতি শিক্ষার্থীদের শুভেচ্ছা জানান আটলান্টিক সিটি পুলিশ কর্মকর্তা সুমন মজুমদার।
আলোচনা সভায় বক্তারা বলেন, প্রবাস প্রজন্ম যেভাবে শিক্ষাদীক্ষা ও পেশাগত ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে অদূর ভবিষ্যতে তারাই মার্কিন সমাজে নেতৃত্বের আসনে আসীন হবে। অনুষ্ঠানে সংবর্ধিত দুই কৃতি শিক্ষার্থী উওরসূরীদের উদ্দেশ্যে বলেন, সেরাটা দাও, সেরাটা পাবে। সময় ব্যবস্থাপনায় দক্ষতা দেখাতে পারলে সাফল্য ধরা দেবেই।



