
নিউ ইয়র্কে ‘সিন্ডেলা’স ড্রিম ক্লোজেট’-এর শো রুম গ্র্যান্ড ওপেনিং
আশরাফুল হাবিব মিহির: গত ১৫ই নভেম্বর শনিবার, নিউইয়র্কের কুইন্সের জ্যামাইকার হিলসাইডে ‘সিন্ডেলা’স ড্রিম ক্লোজেট’-এর নতুন অফিসের গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠিত হয়। নিউইয়র্কের সাংস্কৃতিক ও সামাজিক অঙ্গনের শিল্পী, সাংবাদিক, সংগীতশিল্পী ও অতিথিরা এতে যোগ দেন।
শুভেচ্ছা বক্তব্য রাখেন ‘সিন্ডেলা’স ড্রিম ক্লোজেট’-এর সিইও ও ফ্যাশন ডিজাইনার আইরিন রহমান। বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী লুৎফুন নাহার লতা শুভেচ্ছা বক্তব্যে ‘সিন্ডেলা’স ড্রিম ক্লোজেট’-এর দীর্ঘ সাফল্য কামনা করেন এবং সকলকে আন্তরিকভাবে সিন্ডেলার পাশে থাকার আহ্বান জানান।
ড. বিলকিস নাহার দোলা, বিশিষ্ট আবৃত্তিশিল্পী নজরুল কবির এবং কমিউনিটি অ্যাক্টিভিস্ট মিনহাজ আহমেদের সাবলীল ও প্রাণবন্ত উপস্থাপনায় অনুষ্ঠানের পুরো পরিবেশ হয়ে ওঠে আনন্দঘন ও উৎসবমুখর। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অভিনেতা মিল্টন আহম্মেদ, ফ্যাশন ডিজাইনার নুসরাত কবির, আবৃত্তিশিল্পী নজরুল কবির ও আবৃত্তিশিল্পী তাহরিনা প্রীতি, সংগীতশিল্পী সুলতানা রহমান, সালমা ফেরদৌসসহ আরও অনেকে।
নিউ ইয়র্কের জনপ্রিয় সংগীতশিল্পী রাজীব ভট্টাচার্যের হৃদয়ছোঁয়া পরিবেশনায় অনুষ্ঠানটি পায় ভিন্নমাত্রা। তাঁর কণ্ঠে পরিবেশিত একের পর এক জনপ্রিয় ও শ্রুতিমধুর গানে মুগ্ধ হয়ে ওঠে উপস্থিত সকলেই। মুহূর্তে মুহূর্তে শ্রোতাদের উচ্ছ্বাস, করতালি ও প্রশংসায় পুরো অনুষ্ঠানস্থল উৎসবমুখর পরিবেশে ভরে ওঠে। পরবর্তী পরিবেশনায় কণ্ঠশিল্পী লিপি রোজারিও তার আবেগময় ও সুরেলা গানে শ্রোতাদের আবারও মোহিত করে তোলেন।
আয়োজিত হয় মজার র্যাফেল ড্র, যেখানে পাঁচ জন বিজয়ীকে পুরস্কৃত করা হয়। সিনড্রেলার পক্ষ থেকে র্যাফেল ড্র পরিচালনায় সহযোগিতা করেন জায়েন সাদিক, রিদা আলী খান ও আরিবা। গ্র্যান্ড ওপেনিং-এর আকর্ষণীয় ফ্যাশন শোতে অংশ নেন লিপি রোজারিও, অধরা, মুন, তাহরিনা প্রীতি, রোসা সাইদ, নাইজার আহমেদ এবং আইরিন রহমান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আর টিভির সিও পরিচালক, আশিক রহমান, প্রথম আলোর সাংবাদিক ও লেখিকা রেকেয়া দিপা, টাইম টেলিভিশনের প্রোগ্রাম প্রেজেন্টার আয়েশা তাহমিনা অধরা ও আশরাফুল হাবিব মিহির, ভিউআর’স চয়েস টিভির সিও সাহেদ করিম এবং নিউজ এডিটর শামিম আহমেদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। গ্র্যান্ড ওপেনিং এর এই আয়োজনটি ভিউআরস চ্যানেল সরাসরি সম্প্রচার করে।



