
ইরানকে ঠেকাতে যুক্তরাষ্ট্র-ইসরাইল যৌথ সামরিক মহড়া শুরু
ইসরাইলের সঙ্গে যৌথ সামরিক মহড়া শুরু করেছে যুক্তরাষ্ট্র। আকাশে বিমান থেকে বিমানে রিফুয়েলিং এবং দূর পাল্লার টার্গেটে হামলার বিষয়ে বিশেষ প্রশিক্ষণ চালাচ্ছে। ইরানের সঙ্গে ইসরাইলের সম্পর্কের তীব্র অবনতির মধ্যেই এই মহড়া শুরু হলো। মধ্যপ্রাচ্যে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের অভিন্ন শত্রু হচ্ছে ইরান। ধারণা করা হচ্ছে, ইরানকে টার্গেট করেই নিজেদের সামরিক সক্ষমতা শানিয়ে নিচ্ছে দেশ দুটি।
ডয়চে ভেলের খবরে জানানো হয়, ইরানকে টার্গেট করে সামরিক মহড়াটি আয়োজনের ইঙ্গিত দেয়া হয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল উভয়ের তরফ থেকেই। যদিও সরাসরি কেউ ইরানের নাম নেয়নি। যুক্তরাষ্ট্র জানিয়েছে, উপসাগরীয় দেশগুলির নিরাপত্তা নিশ্চিত করাটাই তাদের মূল লক্ষ্য। এই অঞ্চলে বন্ধু দেশগুলির বিরুদ্ধে যাতে কোনোরকম আক্রমণ না হয়, সেটা ঠেকানোর লক্ষ্য নিয়েই মহড়া করা হচ্ছে। অপরদিকে ইসরাইল জানিয়েছে, এই অঞ্চলে বিভিন্ন হুমকি ও বিপদের মোকাবিলা করার জন্য এই সামরিক মহড়া হচ্ছে। আকাশপথের নিরাপত্তা ও সাইবার প্রতিরক্ষার ক্ষেত্রে সেরা হওয়ার লক্ষ্যও আছে।
ইসরাইলের সেনাবাহিনী আরও বলেছে, বিভিন্ন পরিস্থিতিতে কী ধরনের ব্যবস্থা নিতে হবে তার মহড়া হবে।
দূরপাল্লায় আঘাতের বিষয়টি খুবই গুরুত্ব পাবে। এই মহড়ার নাম দেয়া হয়েছে ‘জুনিপার ওক’। ইসরাইলের প্রতিরক্ষার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র যে দায়বদ্ধ তারই প্রমাণ এই মহড়া।



