
একটি ইস্যুতে ঐক্য চায় বিএনপি
রূপসী বাংলা ডেস্ক:দেশের চলমান সঙ্কট নিরসনে একটি মাত্র ইস্যুতে বিএনপি ঐক্য চায় বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ আয়োজিত এক মানববন্ধন কর্মসূচিতে তিনি এ কথা জানান।
দেশে সঙ্কট চলছে উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জনগণ ঐক্যবদ্ধ হচ্ছে। একটি মাত্র ইস্যুতে আমরা ঐক্য চাই। জনগণের গণতান্ত্রিক অধিকারকে ফিরিয়ে দেয়ার জন্য নিরপেক্ষ সরকার ও নির্বাচন কমিশনের অধিনে সুষ্ঠু এবং গণতান্ত্রিক নির্বাচন চায় বিএনপি।
রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনকে কেন্দ্র করে ধানের শীষের গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠান ককটেল বিস্ফোরণ প্রসঙ্গে তিনি বলেন, ককটেল বিস্ফোরণের সাথে সাথে তারা (আওয়ামী লীগ) সংবাদ সম্মেলনে করে বললেন, এখন বলবে, আমরা মেরেছে। কিন্তু আমরা মারিনি। এটাই প্রমাণ করে আপনারাই (আওয়ামী লীগের নেতারা) মেরেছেন। নির্বাচনকে বিতর্কিত করছেন। নির্বাচন তো শেষ হয়ে গেছে। নির্বাচন ব্যবস্থা আর নেই। এটা এখন খেলা, তামাশা চলছে। এরপরও আমরা তামাশায় যাচ্ছি। কারণ জনগণ চায় আমরা অংশগ্রহণ করি। আমরা তাদের মুখোশ উন্মোচন করি। চেহারা খুলে ধরি। তাই আমরা যাচ্ছি। তবে এই অবস্থা চিরস্থায়ী নয়। মানুষের রুখে দাঁড়াচ্ছে, রুখে দাঁড়াবে।
কোটা সংস্কার আন্দোলন নিয়ে ও বেগম জিয়ার স্বাস্থ্য নিয়ে বিএনপি কোনো রাজনীতি করছে না বলেও জানান মির্জা ফখরুল।
বাংলাদেশ ব্যাংকের ভল্টে সোনার পরিবর্তে সব নকল জিনিসপত্র রাখা হয়েছে মন্তব্য করে তিনি বলেন, এর আগে বাংলাদেশ ব্যাংক থেকে বহু টাকা হ্যাকিং করে নিয়ে গেল। কিন্তু তার প্রতিবেদন আজ পর্যন্ত দেয়া হয়নি। অর্থমন্ত্রী বলছেন, যারা এর সঙ্গে জড়িত তাদের হাত অনেক লম্বা। লম্বা হাত যদি থাকে তাহলে তাদেরকে দিয়ে আপনি (অর্থমন্ত্রী) চলে যান না কেনো? বারবার আপনি এধরণের লোকদেরকে প্রশ্রয় দিচ্ছেন! আর সরকারের যে ইচ্ছে, সেই ইচ্ছে পূরণ করছেন। আপনারা (অর্থমন্ত্রী) বাংলাদেশকে অর্থনৈতিক দিক দিয়ে সম্পূর্ণ ফোকলা করে দিয়েছেন।
বিএনপি বেগম জিয়ার অসুস্থতা নিয়ে নোংরা রাজনীতি করছে- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এ বক্তব্য তীব্র সমালোচনা করে ফখরুল বলেন, এমন কথা তিনি প্রায়ই বলেন এবং এ ধরনের কথা বলে তিনি জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করেন।
‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুচিকিৎসা ও নি:শর্ত মুক্তির দাবি উপলক্ষে’ এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বান প্রকৌশলী মাহমুদুর রহমান। সংগঠনটির সদস্য সচিব এজেডএম জাহিদ হোসেনের সঞ্চালনায় এতে সাংবাদিক নেতা শওকত মাহমুদ, রুহুল আমিন গাজী, সৈয়দ আবদাল আহমেদ, কাদের গনি চৌধুরী, শিক্ষক নেতা অধ্যক্ষ সেলিম ভূইয়া, কৃষিবিদ শামীমুর রহমান শামীম প্রমুখ বক্তব্য রাখেন।



