
ইমন হোসেন
অবশেষে তুমি ভালোবাসলে,
তারপর মুছে গেলো জন্ম-জন্মান্তরের অপূর্ণতা,
ঘুচে গেলো অনন্ত রজনীর আঁধার!
গোলাপের মতো ফুটে উঠলো উজ্জ্বল সকাল,
দিকহারা স্বপ্নেরা খুজে পেলো,
দিগন্তের ওপারে বিস্তৃত গন্তব্য।
অবশেষে তুমি কাছে আসলে,
তারপর নির্বাসন ভেঙে ফিরে আসলো,
হারানো হাসির উচ্ছল কল্লোল;
হৃদয়ের সরোবরে ডানা ঝাপটায়,
নিঃসীম সুখের শুভ্র সারস।
তুমি ভালোবাসি বলতেই,
বুকের সৈকতে এলো বসন্তের জোয়ার!
প্রশান্তির উদ্বেল হাওয়ায়,
উড়ে গেলো অজস্র দীর্ঘশ্বাস;
প্রণয়ের ফুলে ফুলে রঙিন হলো,
সাদাকালো পৃথিবীর প্রান্তর।
তুমি আলিঙ্গন করতেই,
পূর্ণতা ছুঁয়ে গেলো আমায়;
আঁধারের সাম্রাজ্যে আজ ঝিলমিল করছে-
বিমুগ্ধ আলোকসজ্জা,
বর্ণিল উৎসবে মুখরিত হলো সমস্ত ভুবন।
তোমাকে পেতেই,
বাকি সব প্রাপ্তিরা আজ অর্থহীন!
দ্ব্যর্থহীন ঝংকারে বেজে চলছে আনন্দের সংগীত,
তুমি ভালোবাসতেই,
নিঃস্বতম এই আমি আজ পৃথিবীর সবচেয়ে সুখী মানব।



